পীরাগড়ী ফ্লাইওভারের রহস্যভেদ্য: বিষাক্ত নাড়ু খাইয়ে ৩ খুন! দিল্লির ‘ভণ্ড তান্ত্রিক’ গ্রেফতার

দিল্লির আউটার ডিস্ট্রিক্টের পীরাগড়ী ফ্লাইওভারে গত রবিবার একটি গাড়ির ভিতর থেকে এক মহিলা ও দুই পুরুষের নিথর দেহ উদ্ধারের ঘটনায় শিউরে উঠেছিল রাজধানী। অবশেষে সেই রহস্যের জট খুলল দিল্লি পুলিশ। পুলিশের জালে ধরা পড়েছে এক ভণ্ড তান্ত্রিক বা স্বঘোষিত ধর্মগুরু। তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর খুনের পরিকল্পনা, যেখানে ধর্মের আড়ালে লুকিয়ে ছিল ঠান্ডা মাথার অপরাধ।

পুলিশ জানিয়েছে, ধৃত ওই তান্ত্রিক রণধীর সিং (৭৬), শিব নরেশ সিং (৪৭) এবং লক্ষ্মী দেবী (৪০)-কে তুকতাক ও তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে দ্রুত টাকা দ্বিগুণ করে দেওয়ার টোপ দিয়ে এক জায়গায় জড়ো করেছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, খুনের দিন ওই তান্ত্রিক রণধীর সিং-এর গাড়ির সামনের সিটে বসেছিল। এরপর সে কৌশলে তাঁদের বিষ মেশানো ‘প্রসাদী নাড়ু’ খেতে দেয়। নাড়ু খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁদের মৃত্যু হলে ঘাতক তান্ত্রিক গাড়ি থেকে ২ লক্ষ টাকা লুঠ করে চম্পট দেয়।

তদন্তকারী অফিসারদের দাবি, ধৃত ব্যক্তির অপরাধমূলক রেকর্ড দীর্ঘ। এর আগেও বেশ কিছু রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার নাম জড়িয়েছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই তিনজনকে খুনের নেপথ্যে কেবল টাকা লুঠই নয়, বরং কোনো ‘অশুভ’ তান্ত্রিক উদ্দেশ্যও থাকতে পারে। পুলিশ বর্তমানে ধৃতকে জেরা করে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না এবং খোয়া যাওয়া টাকা কোথায় লুকানো হয়েছে, তা জানার চেষ্টা করছে।