ইউপি বাজেটে নিয়োগের বন্যা! পুলিশে ১৯ হাজার চাকরি ও ২৩ হাজার পড়ুয়াকে ফ্রি কোচিং, বড় ঘোষণা যোগী সরকারের

উত্তরপ্রদেশ বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের মেগা বাজেট পেশ করে যুবসমাজের জন্য আশার আলো দেখালেন অর্থমন্ত্রী সুরেশ খান্না। এবারের বাজেটে কর্মসংস্থান এবং আধুনিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে, পুলিশ বিভাগে নতুন করে ১৯,০০০ নিয়োগের পাশাপাশি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ইতিমধ্যেই ৮,৯৬৬ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২০১৭ সাল থেকে এপর্যন্ত ২ লক্ষ ১৯ হাজারেরও বেশি পুলিশ কর্মী নিয়োগ করে রেকর্ড গড়েছে রাজ্য সরকার।
শিক্ষার্থীদের জন্য বড় ঘোষণা করে অর্থমন্ত্রী জানান, ‘মিশন শক্তি’ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির অধীনে ২৩,০০০ যুবককে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ ও কোচিং দেওয়া হচ্ছে। এছাড়া প্রযুক্তির যুগে উত্তরপ্রদেশকে এগিয়ে রাখতে ২২৫ কোটি টাকা ব্যয়ে ‘ইউপি এআই (AI) মিশন’ চালুর ঘোষণা করা হয়েছে। রাজ্যের ৪৯টি আইটিআই-তে (ITI) তৈরি হবে অত্যাধুনিক এআই ল্যাব। স্বামী বিবেকানন্দ যুব ক্ষমতায়ন প্রকল্পের অধীনে ইতিমধ্যেই প্রায় ৫০ লক্ষ পড়ুয়াকে বিনামূল্যে ট্যাবলেট ও স্মার্টফোন বিতরণ করা হয়েছে। সরকারি কলেজগুলিতে ২৫১টি স্মার্ট ক্লাসরুম তৈরির পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষার বাজেট ৮৮ শতাংশ বৃদ্ধি করে যোগী সরকার স্পষ্ট করে দিল যে, তাদের লক্ষ্য এখন উত্তরপ্রদেশকে দেশের ‘টেক-হাব’ হিসেবে গড়ে তোলা।