এবার শাশুড়ি হচ্ছেন সুপ্রিয়া সুলে! পওয়ার পরিবারে বিয়ের সানাই, কে হচ্ছেন শরদ পওয়ারের নাতজামাই?

শরদ পওয়ারের অসুস্থতার খবরের মাঝেই পওয়ার পরিবারে খুশির আমেজ। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদচন্দ্র পওয়ার) নেত্রী তথা সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ে রেবতী সুলে এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। খুব শীঘ্রই শাশুড়ি হতে চলেছেন সুপ্রিয়া। রেবতীর বিয়ের খবর নিশ্চিত করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডের মেয়ে স্মৃতি শিন্ডে। এরপর সুপ্রিয়া সুলের ছেলে বিজয় সুলে সোশ্যাল মিডিয়ায় রেবতী ও তাঁর হবু স্বামী সারং লাখানির ছবি শেয়ার করে লিখছেন, ‘অভিনন্দন বোন ও জিজাজি’।

কে এই রেবতী সুলে? সুপ্রিয়া সুলের কন্যা রেবতী দেখতে যেমন সুন্দরী, মেধাতেও তেমনই উজ্জ্বল। তিনি লন্ডনের ‘লন্ডন স্কুল অফ ইকোনমিক্স’ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মা সুপ্রিয়া সুলের হয়ে বারামতীতে জোর কদমে প্রচার করতে দেখা গিয়েছিল তাঁকে। রাজনৈতিক মহলে অত্যন্ত পরিচিত মুখ রেবতী এখন জীবনের নতুন ইনিংস শুরু করতে প্রস্তুত।

কে হচ্ছেন পওয়ার পরিবারের জামাই? সুপ্রিয়ার হবু জামাই সারং লখানি মুম্বইয়ের বাসিন্দা এবং একজন সফল ব্যবসায়ী। তিনি বিখ্যাত ‘বিশ্বরাজ গ্রুপ’-এর চেয়ারম্যান অরুণ লাখানির পুত্র। সারং গত ৮ বছর ধরে তাঁদের পারিবারিক ব্যবসায় এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন। মজার বিষয় হলো, সারং শুধু একজন ব্যবসায়ীই নন, তিনি একজন দক্ষ ব্যাডমিন্টন খেলোয়াড়ও। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছেন।

বিশ্বরাজ গ্রুপের পরিচিতি: নাগপুর ভিত্তিক এই কোম্পানিটি মূলত জল ব্যবস্থাপনা, স্যুয়ারেজ ট্রিটমেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি বা সৌর বিদ্যুৎ খাতে কাজ করে। ভারতের ৩০টিরও বেশি শহরে তাঁদের বিশাল প্রকল্প রয়েছে। ১৯৯৯ সালে সারংয়ের বাবা অরুণ লাখানি এই কোম্পানির দায়িত্ব নেন। এখন সেই বিশাল সাম্রাজ্যের অন্যতম কর্ণধার হলেন সারং। এই মেগা বিয়ের খবর প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্রের রাজনৈতিক ও বাণিজ্যিক মহলে খুশির জোয়ার বইছে।