তৃণমূল নেতার ‘দাদাগিরি’! ডাক্তারকে চেম্বারে ঢুকে মারধর, মৃত রোগী দেখতে বাধ্য করার অভিযোগ!

বাড়িতে গিয়ে রোগী দেখতে না চাওয়ায় একজন গ্রামীণ চিকিৎসককে চেম্বারে ঢুকে বেধড়ক মারধর ও জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের কর্ণগড় এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত নেতার নাম কাঞ্চন চক্রবর্তী, যিনি কর্ণগড় অঞ্চল তৃণমূলের সভাপতি।

ঘটনার সূত্রপাত, এলাকার এক অসুস্থ বৃদ্ধাকে দেখার জন্য চিকিৎসক নিখিল কুমার ঘোষকে তাঁর বাড়িতে নিয়ে যেতে এসেছিলেন কাঞ্চনবাবু। কিন্তু চিকিৎসক জানান, করোনা আমলের পর থেকে তিনি আর কারোর বাড়িতে গিয়ে রোগী দেখেন না। অভিযোগ, এই কথা শুনেই মেজাজ হারান তৃণমূল নেতা। চিকিৎসকের চেম্বারে ঢুকে তাঁকে মারধর করা হয় এবং একপ্রকার জোর করেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় রোগীর বাড়িতে। নিগৃহীত চিকিৎসকের দাবি, সেখানে গিয়ে তিনি দেখেন ওই বৃদ্ধার অনেক আগেই মৃত্যু হয়েছে। এই ঘটনার পর আতঙ্কে নিজের এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তিনি এবং শালবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতা কাঞ্চন চক্রবর্তীর সাফাই অত্যন্ত বিচিত্র। তিনি মারধরের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, “মারিনি তো, শুধু একটু ধমকেছি।” তবে এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি ডাঃ শঙ্কর গুছাইত প্রশ্ন তুলেছেন, যেখানে চিকিৎসকরাই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষ কোথায় যাবে? অবিলম্বে অভিযুক্ত নেতার শাস্তির দাবি জানিয়েছে বিরোধীরা।