“তুমি একা নও ভাই!” জেলের দরজায় দাঁড়ানো রাজপালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পর্দার ‘মসিহা’ সোনু সুদ

বলিউডের কমেডি কিং রাজপাল যাদব যখন ৯ কোটি টাকার ঋণ আর চেক বাউন্স মামলার জালে জড়িয়ে দিল্লির তিহার জেলের দরজায় দাঁড়িয়ে, ঠিক তখনই এক দেবদূতের মতো আবির্ভূত হলেন সোনু সুদ। আত্মসমর্পণের ঠিক আগে রাজপালের সেই আর্তনাদ— “আমার কাছে টাকা নেই, পাশে দাঁড়ানোর মতো কোনো বন্ধুও নেই”— সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই থমকে গিয়েছিল নেটপাড়া। কিন্তু সেই নিঃসঙ্গতার আঁধার কাটালেন পর্দার এই ‘মসিহা’। রাজপালকে শুধু সংহতির বার্তাই দিলেন না, সরাসরি নিজের ছবিতে কাজের প্রস্তাব ও অগ্রিম অর্থ (Signing Amount) দিয়ে এক অনন্য নজির গড়লেন সোনু সুদ।
সোনু সুদ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাজপালের প্রতি সম্মান জানিয়ে লেখেন, “রাজপাল যাদব একজন অসাধারণ প্রতিভাবান অভিনেতা, যিনি বহু বছর ধরে আমাদের হাসিয়েছেন। সময় কখনো কখনো মানুষের ওপর নির্মম হয়ে পড়ে, কিন্তু তার মানে এই নয় যে তাঁর প্রতিভা হারিয়ে গেছে।” রাজপালকে নিজের পরবর্তী ছবিতে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিয়ে সোনু আরও বলেন, “এখনই সময় আমাদের—প্রযোজক, পরিচালক এবং সহকর্মীদের—একসঙ্গে দাঁড়ানোর। আমাদেরই একজন যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন তাঁকে মনে করিয়ে দেওয়া উচিত যে তিনি একা নন। এভাবেই আমরা প্রমাণ করব যে বলিউড কেবল একটি ইন্ডাস্ট্রি নয়, একটি পরিবার।”
আইনি লড়াইয়ের চোরাবালিতে দাঁড়িয়ে যখন রাজপাল যাদব দিশেহারা হয়ে বলেছিলেন, “স্যার, আমি কী করব? আমার কাছে টাকা নেই,” তখন সোনু সুদের এই মানবিক উদ্যোগ বিনোদন জগতে নতুন আশার আলো দেখিয়েছে। রাজপালের এই দুর্দিনে সোনু সুদের হাত বাড়িয়ে দেওয়া আবারও প্রমাণ করল যে, পর্দার খলনায়ক বাস্তব জীবনে কেন সাধারণ মানুষের কাছে হিরো।