পুলিশ কন্ট্রোল রুমেই বিষপান হেড কনস্টেবলের! সুইসাইড নোটে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ, তোলপাড় মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের নিমুচ জেলার পুলিশ কন্ট্রোল রুমে ঢুকে বিষপান করে আত্মহত্যা করলেন হোশিয়ার সিং আহির (৫০) নামে এক হেড কনস্টেবল। আত্মহত্যার আগে লেখা এক চিঠিতে (সুইসাইড নোট) তিনি পুলিশ বিভাগের অন্দরে চলা দুর্নীতি ও মানসিক হেনস্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। রবিবার দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য পুলিশ মহলে।

হরিয়ানার বাসিন্দা হোশিয়ার সিং কানাওয়াটি পুলিশ লাইনে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে ছুটিতে থাকলেও সোমবার কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু রবিবার আচমকা কন্ট্রোল রুমে ঢুকে সহকর্মীদের সামনেই বিষপান করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। উদ্ধার হওয়া সুইসাইড নোটে তিনি লিখেছেন, “গোটা ব্যবস্থায় মরচে ধরে গিয়েছে। যারা ঘুষ দেয়, সুবিধা কেবল তারাই পায়। সৎ কর্মীদের প্রতিনিয়ত হয়রানি করা হয়।” চিঠিতে কয়েকজন পুলিশ কর্তার নামও উল্লেখ করেছেন তিনি।

এদিকে মৃতের স্ত্রী ও কন্যার অভিযোগ, চারবার অস্ত্রোপচার হওয়ার পরেও তাঁকে দিয়ে ভারী কাজ করানো হতো এবং বিভাগীয় ঊর্ধ্বতন কর্তারা তাঁকে চরম মানসিক চাপে রেখেছিলেন। যদিও নিমুচের এসপি অঙ্কিত জয়সওয়াল পাল্টা দাবি করেছেন যে, হোশিয়ার সিংয়ের বিরুদ্ধে অত্যধিক মদ্যপান ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।