আইপ্যাক মামলার শুনানি ফের স্থগিত! কপিল সিব্বলের অসুস্থতায় ঝুলেই রইল নবান্ন-ইডি সংঘাতের ভাগ্য

তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক (I-PAC) এবং প্রতীক জৈনের অফিসে ইডির তল্লাশি ঘিরে তৈরি হওয়া মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এই হাই-প্রোফাইল মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় তাঁর পক্ষ থেকে শুনানি স্থগিতের আবেদন জানানো হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আবেদনে কোনো আপত্তি না জানানোয় আদালত আগামী ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

ঘটনার সূত্রপাত গত ৮ জানুয়ারি। অভিযোগ ওঠে, আইপ্যাক অফিসে ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে উপস্থিত হয়ে কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে বেরিয়ে যান। ইডির পক্ষ থেকে একে ‘ছিনতাই’ বলে অভিহিত করে মামলা করা হয়। গত সপ্তাহেও সিব্বলের অসুস্থতার কারণে শুনানি হতে পারেনি। বারবার মামলা পিছিয়ে যাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার খোঁচা দিয়ে বলেন, “অসুস্থতার বিরোধিতা করছি না, তবে শুনানি হলে আজ রাজ্য সরকারই অসুস্থ হয়ে পড়ত।” পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। দলের নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, কপিল সিব্বল সত্যিই অসুস্থ এবং তিনি এদিন অন্য কোনো আদালতেও মামলা লড়ছেন না। এখন সবার নজর আগামী ১৮ ফেব্রুয়ারির দিকে, সেদিনই নির্ধারিত হবে এই আইনি লড়াইয়ের গতিপথ।