বোনের থেকে ২ নম্বর কম! রেজাল্ট বেরোতেই আত্মঘাতী যমজ দিদি, পরীক্ষার ইঁদুরদৌড় কেড়ে নিল প্রাণ

বাঁকুড়ার শাসপুরে এক মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনায় প্রাণ হারাল এক মেধাবী ছাত্রী। একাদশ শ্রেণির টেস্ট পরীক্ষায় নিজের যমজ বোনের থেকে মাত্র ২ নম্বর কম পাওয়ায় অভিমানে আত্মহত্যার পথ বেছে নিল তন্দ্রা বাগদী (১৭)। যমজ দুই বোন ছোট থেকেই শাসপুর ডিএনএস হাইস্কুলের মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল। কিন্তু তাঁদের মধ্যে যে একটি অঘোষিত প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়েছিল, তার পরিণাম যে এমন ভয়াবহ হবে, তা কল্পনাও করতে পারেনি পরিবার।
পরিবার সূত্রে খবর, ছোট থেকেই তন্দ্রা পরীক্ষায় বোনের চেয়ে এগিয়ে থাকত। কিন্তু এবার টেস্ট পরীক্ষায় বোন তিথি তার থেকে সামান্য বেশি নম্বর পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে সে। অভিমানে নিজের স্কুলের ওড়না দিয়েই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে তন্দ্রা। প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। রবিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোরী। এই ঘটনা ফের একবার পড়ুয়াদের ওপর নম্বরের চাপ এবং অসুস্থ প্রতিযোগিতার মানসিকতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।