খাটুশ্যামজিতে তুলকালাম! কলার ধরে যুবককে আছাড় মারলেন SHO, ভাইরাল পুলিশের ‘দাদাগিরি’র ভিডিও

২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বখ্যাত খাটুশ্যামজি মন্দিরের বার্ষিক ‘ফাল্গুনী লক্ষ্মী মেলা’র প্রস্তুতি ঘিরেই রণক্ষেত্র হয়ে উঠল রাজস্থানের সিকার জেলা। ভিড় নিয়ন্ত্রণের জন্য লোহার গেট বসানোকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে উত্তপ্ত মোদী চক এলাকা। এই ঘটনায় খাটুশ্যাম কোতোয়ালির স্টেশন হাউস অফিসার (SHO) পবন চৌবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে এক যুবককে নৃশংসভাবে মারধর করতে দেখা যাচ্ছে।

লোহার গেট নিয়ে বিবাদ: প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, লক্ষ লক্ষ ভক্তের ভিড় সামলাতে এবং পদপিষ্ট হওয়ার মতো দুর্ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে লোহার গেট বসানো হচ্ছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই গেটগুলি শহরকে কার্যত ‘জেলখানায়’ পরিণত করছে। এতে তাঁদের দৈনন্দিন যাতায়াত ও ব্যবসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভাইরাল ভিডিও ও পুলিশের ভূমিকা: মঙ্গলবার সকালে মোদী চকে গেট বসাতে গেলে গ্রামবাসীরা বাধা দেন। খবর পেয়ে SHO পবন চৌবে সসৈন্যে ঘটনাস্থলে পৌঁছান। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পবন চৌবে মেজাজ হারিয়ে এক প্রতিবাদী যুবকের কলার ধরে টানছেন, তাঁকে কুরুচিকর ভাষায় গালিগালাজ করছেন এবং সজোরে রাস্তায় আছাড় মারছেন। পুলিশের এই মারমুখী আচরণে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রশাসনের সাফাই: পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের যুক্তি, ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই মেলায় দেশ-বিদেশ থেকে ভক্তরা আসেন। নিরাপত্তার স্বার্থে মোদী চকের মতো স্পর্শকাতর এলাকায় ব্যারিকেড দেওয়া জরুরি। তবে সাধারণ মানুষের প্রশ্ন— “নিরাপত্তার নামে আমাদের বন্দি করা হবে কেন?” বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বজায় রয়েছে, বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন গ্রামবাসীরা।