নকশালদের চূড়ান্ত হুঁশিয়ারি অমিত শাহের! ‘অস্ত্র ছাড়ো, নয়তো ফল ভোগ করো’, বস্তরে গর্জে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ের বস্তরে দাঁড়িয়ে বিদ্রোহীদের প্রতি শান্তি ও উন্নয়নের বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার জগদলপুরে ‘বস্তর পন্ডুম’ উৎসবের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি স্পষ্ট জানান, নকশালবাদ কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, বরং এটি আদিবাসী গ্রামগুলির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করার সংগ্রাম। যারা হিংসার পথ ছেড়ে অস্ত্র ত্যাগ করবেন, তাদের জন্য সরকারের পক্ষ থেকে ‘সম্মানজনক পুনর্বাসন’ প্যাকেজ তৈরি রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।
উন্নয়ন বনাম বন্দুকের লড়াই: অমিত শাহ জানান, ইতিমধ্যে ২,৫০০-এর বেশি মানুষ হিংসার পথ ত্যাগ করেছেন। তবে যারা স্কুল ধ্বংস করবে, আইইডি বসিয়ে সাধারণ মানুষের প্রাণ নেবে বা গ্রামে হামলা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তাঁর কথায়, “মাওবাদ কেবল ধ্বংসই ডেকে আনে, উন্নয়ন নয়।”
৫ বছরের টার্গেট: বস্তরকে দেশের অন্যতম উন্নত ডিভিশন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান:
-
আগামী ৫ বছরের মধ্যে বস্তর ছত্তিশগড়ের সবচেয়ে উন্নত এলাকা হবে।
-
২০২৬ সালের ২৭ ডিসেম্বরের মধ্যে বস্তরের প্রতিটি গ্রামে বিদ্যুৎ এবং মোবাইল কানেক্টিভিটি পৌঁছে যাবে।
-
হাসপাতাল, কলেজ ও ডাকঘরের মতো জরুরি পরিষেবা মিলবে হাতের নাগালে।
এক সময় যে বস্তর কেবল রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য পরিচিত ছিল, সেই বস্তরই এখন উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠছে বলে দাবি করেন অমিত শাহ।