চাঁদে শহর বানাচ্ছেন এলন মাস্ক! ১০ বছরের মধ্যেই মহাকাশে বসবাসের মেগা প্ল্যান ফাঁস

মহাকাশ গবেষণায় বৈপ্লবিক মোড়! লাল গ্রহ মঙ্গলের আগে এবার চাঁদে মানুষের আস্তানা গড়তে কোমর বেঁধে নামছে এলন মাস্কের স্পেসএক্স। রবিবার মাস্ক ঘোষণা করেছেন, আগামী ১০ বছরেরও কম সময়ের মধ্যে চাঁদে একটি ‘স্বয়ংসম্পূর্ণ শহর’ তৈরি করা সম্ভব। যেখানে মঙ্গলে শহর গড়তে ২০ বছরের বেশি সময় লাগতে পারে, সেখানে চাঁদ অনেক বেশি বাস্তবসম্মত লক্ষ্য বলে মনে করছেন তিনি।

মাস্কের এই নতুন পরিকল্পনার নেপথ্যে রয়েছে ভৌগোলিক সুবিধা। পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছাতে যেখানে ছয় মাস সময় লাগে এবং উৎক্ষেপণের সুযোগ আসে প্রতি ২৬ মাস অন্তর, সেখানে চাঁদে পৌঁছাতে সময় লাগে মাত্র দুই দিন এবং প্রতি কয়েক দিন অন্তরই সেখানে রকেট পাঠানো সম্ভব। নাসার পরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে মাস্ক চাইছেন চাঁদকেই মঙ্গলে যাওয়ার ‘লঞ্চিং প্যাড’ হিসেবে ব্যবহার করতে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের মার্চ মাসেই চাঁদে একটি মনুষ্যবিহীন যান অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে স্পেসএক্স।

শুধু শহর বানানোই নয়, মহাকাশে ডেটা সেন্টার তৈরির দিকেও নজর দিয়েছেন মাস্ক। সম্প্রতি তাঁর এআই সংস্থা xAI-কে স্পেসএক্সের সঙ্গে যুক্ত করেছেন তিনি। মাস্কের বিশ্বাস, ভবিষ্যতে কম্পিউটিং ক্ষমতার চাহিদা মেটাতে মহাকাশ-ভিত্তিক ডেটা সেন্টারগুলি হবে সবচেয়ে সাশ্রয়ী। এই বিশাল কর্মযজ্ঞের রসদ জোগাতে চলতি বছরের শেষে ৫০ বিলিয়ন ডলারের আইপিও (IPO) আনার পরিকল্পনা করছে স্পেসএক্স, যা বিশ্ব ইতিহাসে বৃহত্তম পাবলিক অফারিং হতে পারে।