“এই মেয়েটা কী জানে?” রাবড়ি দেবীকে নজিরবিহীন আক্রমণ নীতীশের, উত্তাল বিহার বিধানসভা!

বিহারের রাজনীতিতে সৌজন্যের সীমা ছাড়িয়ে এবার মুখোমুখি সংঘাতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। সোমবার বিহার বিধান পরিষদের অধিবেশন শুরু হতেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন আরজেডি বিধায়করা। রাবড়ি দেবীর নেতৃত্বে বিরোধী সদস্যদের হট্টগোল চলাকালীন মেজাজ হারিয়ে নীতীশ কুমার সরাসরি রাবড়ি দেবীকে “এই মেয়েটা…” বলে সম্বোধন করেন, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী স্পিকারের উদ্দেশে বলেন, “এই তিন মহিলা যারা গোলমাল করছে, তারা কী জানে? এই মেয়েটা (রাবড়ি দেবী) কী জানে?” বিরোধীদের স্লোগান এবং বিক্ষোভের মুখে নীতীশ দাবি করেন যে, তাঁর শাসনেই বিহারের উন্নতি হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে কক্ষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিধান পরিষদের চেয়ারম্যান অবধেশ নারায়ণ সিং দুপুর ২:৩০টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করতে বাধ্য হন।
উল্লেখ্য, কয়েকদিন আগেই তেজস্বী যাদবকে “তুমি বাচ্চা, চুপ থাকো” বলে কটাক্ষ করেছিলেন নীতীশ কুমার। এবার সরাসরি রাবড়ি দেবীকে ব্যক্তিগত আক্রমণ করায় বিরোধীরা নীতীশ কুমারের মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও হট্টগোলের মাঝেই কিছু গুরুত্বপূর্ণ সরকারি বিধি টেবিলে রাখা হয়েছে, তবে নীতীশের এই বিতর্কিত মন্তব্য বিহারের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।