৩৯ কোটির শাড়ি! ২ কেজি সোনা আর ৩৩ কোটির হীরায় মোড়া এই পোশাক কেন বিশ্বজুড়ে চর্চায়?

শাড়ি কেবল ভারতের ঐতিহ্য নয়, এবার তা পৌঁছে গেল আভিজাত্যের চরম শিখরে। মুম্বাইয়ের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত পিসাল, যিনি ‘গোল্ডম্যান’ নামেও পরিচিত, তৈরি করেছেন বিশ্বের অন্যতম দামি শাড়ি। ২ কেজি সোনা এবং ৩৩ কোটি টাকার হীরা খচিত এই শাড়ির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৯ কোটি টাকা।

মাতা রমাবাই আম্বেদকরের জন্মবার্ষিকীতে (৭ ফেব্রুয়ারি) তাঁকে সম্মান জানাতেই এই অনন্য সৃষ্টি রোহিতের। শাড়িটির প্রধান আকর্ষণ এর পল্লু, যেখানে সোনা দিয়ে মাতা রমাবাইয়ের প্রতিকৃতি খোদাই করা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো শাড়িতে থাকা ‘টিপ’ বা বিন্দিটি, যা ১০০ গ্রাম সোনার বিস্কুট এবং বহুমূল্য হীরা দিয়ে তৈরি। রোহিত পিসালের কথায়, “যে মা একসময় নিজের গয়না বিক্রি করে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছিলেন, তাঁর সেই ছেঁড়া আঁচল আজ হীরা-সোনা দিয়ে সাজিয়ে দিতে চেয়েছি।”

এই শাড়িটি তৈরি করতে সময় লেগেছে প্রায় তিন মাস। দুবাই ভিত্তিক একটি সংস্থা শীঘ্রই এই মহামূল্যবান শাড়িটি নিলামে তুলবে। তবে এই আয়ের প্রতিটি টাকা ব্যয় করা হবে স্কুল, হাসপাতাল নির্মাণ এবং সমাজসেবামূলক কাজে। ভারতজুড়ে প্রদর্শনের পর নির্মাতা এই শাড়িটিকে লন্ডনের বাকিংহাম প্যালেস মিউজিয়ামে স্থান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।