নৈহাটির বড়মার মন্দিরে জীতুকে ঘিরে তুলকালাম! ভিড়ের মাঝে কাকে খুঁজছেন ভক্তরা?

বর্তমানে বাংলার হার্টথ্রব জীতু কমল যেখানেই যাচ্ছেন, সেখানেই তৈরি হচ্ছে জনসমুদ্র। রবিবার নৈহাটির বিখ্যাত বড়মার মন্দিরেও তার অন্যথা হলো না। নিজের আসন্ন ছবি ‘চোর’-এর সাফল্যের জন্য বড়মার আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন অভিনেতা। কিন্তু সেখানে জীতুকে দেখা মাত্রই ভিড় আছড়ে পড়ল মন্দির প্রাঙ্গণে। তবে আশ্চর্যের বিষয় হলো, ভক্তরা কেবল জীতুকে দেখেই শান্ত হননি, বরং ভিড়ের মধ্য থেকে বারংবার একটি নামই উঠে আসছিল— ‘অপর্ণা’।
আসলে ‘চিরদিনই তুমি যে আমাদের’ ধারাবাহিকের আর্য সিংহ রায় হিসেবে জীতু এখন ঘরে ঘরে জনপ্রিয়। আর সেই ধারাবাহিকের চরিত্র অপর্ণাকে ঘিরেই ভক্তদের যত কৌতূহল। মন্দিরে জীতুকে ছেঁকে ধরে ভক্তদের একটাই প্রশ্ন, “দাদা, অপর্ণা কোথায়?” প্রিয় নায়কের পর্দার সঙ্গিনীকে রক্তমাংসের জীতুর পাশে না দেখে কিছুটা যেন নিরাশই হলেন অনুরাগীরা। এদিন জীতুর সঙ্গে ছিলেন ‘চোর’ ছবির পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়, সুদীপা চট্টোপাধ্যায় ও তাঁদের পুত্র আদিদেব।
তবে ভিড়ের চাপে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, সেদিকে কড়া নজর ছিল অভিনেতার। নিরাপত্তার কারণে সাধারণ দর্শনার্থীদের যাতায়াতে কিছুটা বিঘ্ন ঘটলে অভিনেতা তৎক্ষণাৎ বিনম্রভাবে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেন। জীতু বলেন, “আমি ভীষণভাবে ক্ষমাপ্রার্থী আপনাদের আটকে রাখার জন্য। আমাদের জন্য আপনাদের কষ্ট হলো, দয়া করে ক্ষমা করে দেবেন।” একজন বড় মাপের তারকার এই সৌজন্যবোধ দেখে মুগ্ধ উপস্থিত জনতা। সেলফি থেকে অটোগ্রাফ— সব আবদারই হাসিমুখে মেটান তিনি। বড়মার আশীর্বাদ নিয়ে জীতু এখন প্রস্তুত তাঁর নতুন সিনেমা ‘চোর’-এর মাধ্যমে বড় পর্দা কাঁপাতে।