জেলেই কাটবে রাত! ৩৫ বছরের পুরনো মামলায় ফেঁসে গেলেন পাপ্পু যাদব, থমকে গেল জামিন

বিহারের পূর্ণিয়া লোকসভা কেন্দ্রের স্বতন্ত্র সাংসদ পাপ্পু যাদবের বিপদ আরও বাড়ল। ৩৫ বছরের পুরনো একটি আইনি মামলায় গ্রেফতার হওয়ার পর, আপাতত পাটনার বেউর জেলেই থাকতে হচ্ছে তাঁকে। সোমবার (৯ ফেব্রুয়ারি) তাঁর জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করে দেওয়া হয়। এর ফলে সাংসদের জেলমুক্তির প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে বলে মনে করা হচ্ছে।
পুরনো একটি জালিয়াতি ও জবরদখল সংক্রান্ত মামলায় শুক্রবার গভীর রাতে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় পাপ্পু যাদবকে। অভিযোগকারী বিনোদ বিহারী লাল দাবি করেছিলেন যে, পাপ্পু যাদব ও তাঁর সহযোগীরা প্রতারণামূলকভাবে তাঁর বাড়ি ভাড়া দিয়েছিলেন। দীর্ঘ সময় সমন এড়িয়ে যাওয়ার পর আদালতের নির্দেশে এই পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতারের সময় সাংসদ শ্বাসকষ্টের সমস্যার কথা জানালে তাঁকে পিএমসিএইচ (PMCH)-এ ভর্তি করা হয়েছিল। তবে শারীরিক পরীক্ষার পর রবিবার বিকেলে তাঁকে কড়া নিরাপত্তায় বেউর জেলে পাঠানো হয়।
পাপ্পু যাদবের এই গ্রেফতারিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী প্রকাশ্যেই এই ঘটনার নিন্দা জানিয়ে তাঁর সমর্থনে সরব হয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন যে, প্রশাসনের অবহেলা নিয়ে প্রশ্ন তোলায় জনপ্রতিনিধিদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। তবে আইনি জট না কাটলে আপাতত গরাদের ওপারেই সময় কাটবে এই হেভিওয়েট নেতার।