২৫ বছরের রেকর্ড চুরমার! শিবসেনার হাতছাড়া মুম্বইয়ের মেয়র পদ, ইতিহাস গড়ল বিজেপি

বাণিজ্যনগরীর রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদল ঘটে গেল। দীর্ঘ ২৫ বছরের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটিয়ে শিবসেনার হাত থেকে মুম্বইয়ের মেয়র পদ ছিনিয়ে নিল বিজেপি। নবনিযুক্ত মেয়র হিসেবে শপথ নিয়েছেন বিজেপির হেভিওয়েট নেত্রী রিতু তাওড়ে। ১৯৯০-এর দশকের পর এই প্রথম শিবসেনা ছাড়া অন্য কোনো দলের প্রার্থী বিএমসি-র (BMC) সর্বোচ্চ আসনে বসলেন।
বিজেপির এই জয়ের পাশাপাশি ভারসাম্য বজায় রয়েছে প্রশাসনে। দহিসারের শিবসেনা কর্পোরেটর সঞ্জয় শঙ্কর ঘাডি মুম্বইয়ের নতুন ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রদবদল মুম্বইয়ের পুর-প্রশাসনিক সমীকরণে এক নতুন দিগন্ত খুলে দেবে।
বিজেপির বর্ষীয়ান নেত্রী রিতু তাওড়ে ২০১৭ সালে ঘাটকোপারের ১২১ নম্বর ওয়ার্ড থেকে প্রথমবার কর্পোরেটর হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) গুরুত্বপূর্ণ শিক্ষা কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ক্ষেত্রে তাঁর কাজের অভিজ্ঞতা এবং দক্ষ নেত্রী হিসেবে তাঁর পরিচিতিই তাঁকে মেয়রের আসনে বসাতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে। শিবসেনার দীর্ঘদিনের দুর্গে বিজেপির এই জয় আগামী নির্বাচনগুলোর আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।