নকশাল দমনে প্রাণ দিলেন সি-৬০ কম্যান্ডো দীপক মাধবী! শহিদ পরিবারকে বড় সাহায্যের অঙ্গীকার মহারাষ্ট্র সরকারের

মহারাষ্ট্রের গড়চিরোলিতে নকশাল বিরোধী অভিযানে শহিদ সি-৬০ ইউনিটের বীর কম্যান্ডো দীপক চিন্না মাধবীর পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ শহিদ জওয়ানের পরিবারের জন্য ২.২৫ কোটি টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজন সদস্যের জন্য সরকারি চাকরির ঘোষণা করেছেন।

গড়চিরোলির অহেরি নিবাসী দীপক মাধবী শুক্রবার এক ভয়াবহ সংঘর্ষে দেশের জন্য প্রাণ বিসর্জন দেন। মুখ্যমন্ত্রী ফড়নবিশ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “মাওবাদ নির্মূল করতে দীপক মাধবীর এই সর্বোচ্চ আত্মত্যাগ দেশ কোনোদিন ভুলবে না। তাঁর পরিবারকে দেওয়া এই আর্থিক সাহায্য এবং চাকরি রাজ্য সরকারের পক্ষ থেকে এক ছোট সম্মান।” ওই একই অভিযানে আরও এক জওয়ান, জোগা মাধবী আহত হয়েছেন, তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

গড়চিরোলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত তিন দিন ধরে চলা এই অভিযানে ছত্তিশগড় সীমান্তের দুটি মাওবাদী ক্যাম্প ধ্বংস করা হয়েছে। এই লড়াইতে সাতজন দুর্ধর্ষ নকশাল খতম হয়েছে, যাদের মধ্যে তেলেঙ্গানার কুখ্যাত মাওবাদী নেতা প্রভাকরও রয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি বন্দুক উদ্ধার করা হয়েছে। শহিদ দীপক মাধবীর শেষকৃত্য তাঁর আদি গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে।