১৮ তলা থেকে ঝাঁপ দেওয়ার আগে হাতজোড় করে প্রার্থনা! জনপ্রিয় বেকারি মালিকের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ শহর

মহারাষ্ট্রের সোলাপুর শহরে ঘটে গেল এক হাড়হিম করা মর্মান্তিক ঘটনা। শহরের অত্যন্ত পরিচিত মুখ এবং জনপ্রিয় ‘মূলতানি বেকারি’-র মালিক সুনীল মোতিলাল সদরঙ্গনি বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ৫৯ বছর বয়সী এই ব্যবসায়ীর এমন আকস্মিক ও চরম সিদ্ধান্তে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পনাশ অ্যাপার্টমেন্টের ১৮ তলা থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছেন তিনি।

ঘটনাটির একটি শিউরে ওঠার মতো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সিসিটিভি এবং প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা গিয়েছে, ছাদের একদম কিনারায় দাঁড়িয়ে ছিলেন সুনীল। ঝাঁপ দেওয়ার ঠিক আগের মুহূর্তে তাঁকে হাতজোড় করে প্রার্থনা করতে দেখা যায়। যেন জীবনের শেষ মুহূর্তে ইশ্বরের কাছে কিছু আরজি জানাচ্ছিলেন তিনি। এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তড়িঘড়ি আবাসনের নিরাপত্তারক্ষীকে খবর দেন।

রিপোর্ট অনুযায়ী, আবাসনের নিরাপত্তারক্ষী দ্রুত ছাদে পৌঁছে সুনীলকে শান্ত করার চেষ্টা করেন। প্রথম দফায় তিনি সফলও হয়েছিলেন। নিরাপত্তারক্ষী তাঁকে বুঝিয়ে সুঝিয়ে ছাদের কিনারা থেকে সরিয়ে আনেন। কিন্তু মৃত্যু যেন তাঁকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছিল। সুনীল অত্যন্ত ঠান্ডা মাথায় নিরাপত্তারক্ষীকে মিথ্যা বলেন যে, তিনি পকেট থেকে কিছু চাবি ওপরে ফেলে এসেছেন। সেই চাবি খোঁজার অছিলায় তিনি আবারও ১৮ তলায় উঠে যান। নিরাপত্তারক্ষী কিছু বুঝে ওঠার আগেই তিনি ছাদ থেকে ঝাঁপ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুনীলকে অত্যন্ত বিমর্ষ ও হতাশ দেখাচ্ছিল। লিফটের বদলে তিনি সিঁড়ি দিয়ে ১৮ তলায় উঠেছিলেন, যা তাঁর শারীরিক অবস্থার তুলনায় ছিল অস্বাভাবিক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও, এর পেছনে ব্যবসায়িক মন্দা, পারিবারিক কলহ নাকি অন্য কোনো মানসিক চাপ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। জনপ্রিয় এক ব্যবসায়ীর এমন পরিণতিতে হতবাক সোলাপুরবাসী।