পরীক্ষা চলাকালীন তিনতলা থেকে কোলে তুলে দৌড়! মাধ্যমিক ছাত্রীর প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ পুলিশকর্মী

রূঢ় ও কঠোর ইমেজের আড়ালে যে এক সংবেদনশীল মন বাস করে, তার প্রমাণ মিলল মাধ্যমিক পরীক্ষার হলের ভেতরে। বৃহস্পতিবার ইতিহাস পরীক্ষা চলাকালীন খানাকুলের রাজহাটি বন্দর হাইস্কুলে ঘটে এক রুদ্ধশ্বাস ঘটনা। আচমকা অসুস্থ হয়ে পড়ে নন্দিনী বর নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। পরিস্থিতি বেগতিক দেখে ওই ছাত্রীকে কার্যত কোলে তুলে নিয়ে তিনতলা থেকে নিচে নামিয়ে আনেন কর্তব্যরত পুলিশকর্মী বেনারসি মাইতি দাস। তাঁর এই তৎপরতা এবং মানবিকতার ছবি এখন নেটপাড়ায় ভাইরাল।

জানা গিয়েছে, পরীক্ষা শুরু হওয়ার মাত্র ৪৫ মিনিট পর জ্ঞান হারায় নন্দিনী। খবর পাওয়ামাত্রই দেরি না করে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন পুলিশকর্মী বেনারসি। তিনতলার ঘর থেকে অসুস্থ ছাত্রীকে পরম যত্নে নিচে নামিয়ে আনার পর পুলিশের উদ্যোগেই দ্রুত খানাকুল গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ-এর সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশের গাড়িতেই ওই ছাত্রীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে শুধুমাত্র হাসপাতালেই পৌঁছে দেওয়া নয়, অসুস্থতার কারণে নন্দিনীর একটা বছর যাতে নষ্ট না হয়, সেদিকেও কড়া নজর ছিল প্রশাসনের।

হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ওই ছাত্রীর জন্য বেডে বসেই পরীক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়। বর্তমানে নন্দিনীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং হাসপাতালেই সে বাকি পরীক্ষা দিয়েছে। পুলিশের এই মানবিক ও দ্রুত পদক্ষেপ দেখে প্রশংসায় পঞ্চমুখ অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। কর্তব্য ও মানবিকতার এমন অনন্য মেলবন্ধন দেখে সকলেই বলছেন, খাকি উর্দির প্রতি সাধারণ মানুষের ভরসা এই ধরণের ঘটনার মাধ্যমেই আরও মজবুত হয়।