কাকুলিয়া রোড তাণ্ডবে অ্যাকশন! পুলিশের জালে আরও ১, সোনা পাপ্পুর খোঁজে চিরুনি তল্লাশি

রবীন্দ্র সরোবর থানা এলাকার কাকুলিয়া রোডে ভয়াবহ তাণ্ডব ও বোমাবাজির ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। বুধবার গভীর রাতে লেক থানা এলাকা থেকে শম্ভু শিকারী (৩৫) নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে গোলপার্ক তাণ্ডব কাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। তবে ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত এবং এলাকার কুখ্যাত দুষ্কৃতী ‘সোনা পাপ্পু’ এখনও পুলিশের নাগালের বাইরে।

গত রবিবার রাতে রণাঙ্গনের চেহারা নিয়েছিল কাকুলিয়া রোড। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা একের পর এক বোমা ছোড়ে এবং আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড গুলিও চালানো হয়। ধারালো অস্ত্র নিয়ে হামলার জেরে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামাতে হয়। কলকাতা পুলিশের নগরপাল সুপ্রতীম সরকার এই ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, “যারা জড়িত, কাউকেই রেয়াত করা হবে না।” নগরপালের এই বার্তার পর থেকেই চিরুনি তল্লাশি শুরু করেছে লালবাজার।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার রাতে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগে তিনটি পৃথক মামলা রুজু হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং ধৃতদের জেরা করে মূল পান্ডা সোনা পাপ্পুর সম্ভাব্য ডেরাগুলোতে হানা দিচ্ছে পুলিশ। এলাকা দখল নাকি পুরোনো কোনো শত্রুতা—ঘটনার নেপথ্যে থাকা আসল কারণটি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে কাকুলিয়া রোড ও গোলপার্ক সংলগ্ন অঞ্চলে পুলিশি টহলদারি এবং নাকা চেকিং আরও জোরদার করা হয়েছে।