পেঁয়াজ-টমেটোর সারিতে এবার সোনা-রুপো! আরবিআই-এর এক সিদ্ধান্তে কি সস্তা হবে দামী ধাতু? মধ্যবিত্তের জন্য বড় আপডেট

দেশের সাধারণ মানুষের পকেটের স্বস্তি ফেরাতে এবার বড়সড় পথে হাঁটল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। শুক্রবার মুদ্রানীতি কমিটির (MPC) বৈঠকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন আরবিআই গভর্নর। যার মধ্যে সবচেয়ে নজরকাড়া বিষয়টি হলো মুদ্রাস্ফীতি পর্যবেক্ষণ কাঠামো বা ইনফ্লেশন মনিটারি ফ্রেমওয়ার্কে (IMF) সোনা ও রুপোর দামকে অন্তর্ভুক্ত করা। এর আগে মূলত পেঁয়াজ, টমেটো বা জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওঠানামার ওপর ভিত্তি করে মুদ্রাস্ফীতি মাপা হতো, এবার সেই তালিকায় জায়গা করে নিল দামী ধাতুও।
কেন এই ঐতিহাসিক সিদ্ধান্ত? বিগত এক বছরে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং মার্কিন ডলারের টালমাটাল পরিস্থিতির জেরে সোনা ও রুপোর দাম আকাশ ছুঁয়েছে। ভারতে সোনা কেবল বিনিয়োগের মাধ্যম নয়, বরং এটি একটি বড় সাংস্কৃতিক ও অর্থনৈতিক অঙ্গ। বাজার বিশেষজ্ঞদের মতে, সোনা-রুপোর দামকে মুদ্রাস্ফীতি কাঠামোর আওতায় আনার অর্থ হলো—এখন থেকে কেন্দ্রীয় ব্যাঙ্ক দামী ধাতুর বিশ্বব্যাপী মূল্যের পরিবর্তন এবং অভ্যন্তরীণ চাহিদাকে আরও নিবিড়ভাবে বিশ্লেষণ করবে। এটি অর্থনীতির প্রকৃত অবস্থা বুঝতে এবং দীর্ঘমেয়াদী মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।
রেপো রেট ও সাধারণ মানুষের স্বস্তি এদিন রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এর সরাসরি অর্থ হলো, আপনার গৃহঋণ বা গাড়ি ঋণের ইএমআই (EMI) আপাতত বাড়ছে না। এছাড়াও, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (MSME) জন্য ঋণের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য বড় সুখবর।
সোনা ও রুপোর বর্তমান দামের চিত্র শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া খবরে দেখা যাচ্ছে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম ১,০০০ টাকা বেড়ে হয়েছে ১.৫৩ লক্ষ টাকা। অন্যদিকে, রুপোর দাম ৩,০০০ টাকা কমে দাঁড়িয়েছে ২,৪০,৫৪০ টাকায়। সোনা ও রুপো বাদ দিয়ে বর্তমানে মুদ্রাস্ফীতি ২.৬ শতাংশে স্থিতিশীল থাকলেও, কেন্দ্রীয় ব্যাঙ্ক সতর্ক করেছে যে ভূ-রাজনৈতিক ঝুঁকি ও আবহাওয়ার খামখেয়ালিপনা আগামী দিনে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।