সরকারি জমিতে ঘর বাঁধলে মিলবে না ক্ষতিপূরণ! বিজয়ওয়াড়ার বাসিন্দাদের আর্জি খারিজ করল আদালত

বিজয়ওয়াড়ার গুনদালার বাসিন্দাদের এক দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ে জল ঢেলে দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি জমি জবরদখলকারী ব্যক্তি কখনোই বৈধ জমির মালিকের সমান ক্ষতিপূরণ দাবি করতে পারেন না, তা তিনি ওই জমিতে কয়েক দশক বা ১০০ বছর ধরে বসবাস করলেও।

মামলাটির সূত্রপাত একটি রেলওয়ে ওভার ব্রিজ (ROB) নির্মাণকে কেন্দ্র করে। মিউনিসিপ্যাল কর্পোরেশন যখন ওই জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করে, তখন কয়েকশো বাসিন্দা ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন। তাঁদের দাবি ছিল, তাঁরা বংশপরম্পরায় ওই জমিতে ১০০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন এবং তাঁদের উচ্ছেদ করার আগে ২০১৩ সালের ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে।

বিচারপতি হরিনাথ এন তাঁর রায়ে বলেন, “সরকারি জমিতে অবৈধ দখলদারি কখনোই বৈধতা পায় না। দীর্ঘ সময় ধরে বসবাস করলেই কেউ সেই জমির মালিক হয়ে যান না।” আদালত আরও স্পষ্ট করে দেয় যে, ২০১৩ সালের ‘রাইট টু ফেয়ার কম্পেনসেশন’ আইনটি অবৈধ দখলদারদের স্বার্থরক্ষার জন্য তৈরি করা হয়নি। আবেদনকারীদের কাছে কোনো বৈধ পাট্টা বা মালিকানার নথি না থাকায় তাঁরা এই আইনের অধীনে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নন। তবে আদালত মানবিক দিক বিবেচনা করে কর্পোরেশনকে উচ্ছেদের আগে নোটিশ দেওয়ার এবং পুনর্বাসনের জন্য আবাসন দেওয়ার প্রস্তাবটি খতিয়ে দেখতে বলেছে।