নেটফ্লিক্সে রাইমা ম্যাজিক! অনিল কাপুরের সঙ্গে ‘ফ্যামেলি বিজনেস’-এ বং বিউটি, কেন কম কাজ করছেন নায়িকা?

নেটফ্লিক্সের পর্দায় এবার দেখা যাবে বাঙালি কন্যা রাইমা সেনকে। হনসল মেহতার আসন্ন সিরিজ ‘ফ্যামেলি বিজনেস’-এ অনিল কাপুর ও বিজয় ভর্মার মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। তবে ইদানীং কাজ কমিয়ে দিয়েছেন নায়িকা। কেন এই সিদ্ধান্ত? TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রাইমা জানালেন, এখন তিনি সংখ্যার চেয়ে কাজের গুণগত মানের ওপর বেশি জোর দিচ্ছেন।
রাইমা বলেন, “আমি বেছে বেছে ভালো প্রজেক্টে কাজ করতে চাই। দীর্ঘ কয়েক বছর মুম্বই আর কলকাতার মধ্যে ব্যালেন্স করে চলেছি। সম্প্রতি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সাসপেন্স থ্রিলার ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর শুটিং শেষ করলাম। উইন্ডোজ-এর ২৫ বছর পূর্তিতে এটি একটি বিশেষ ছবি।” কাজের পাশাপাশি পরিবারকে সময় দেওয়াকেই এখন গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি পিতৃবিয়োগের শোক সামলে মা মুনমুন সেনের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। বোনের জন্মদিন উপলক্ষে দুবাই ভ্রমণ সেরে আসা রাইমা সাফ জানালেন, এখন বাকি সময়টা পরিবারের সঙ্গে দেশ-বিদেশ ঘুরেই কাটাতে চান তিনি।