বকেয়া ডিএ-তে সুপ্রিম শীলমোহর! ১০ লক্ষ সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকছে ১০,৪৬৮ কোটি টাকা

পশ্চিমবঙ্গ সরকারের কয়েক লক্ষ কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানিয়ে দিল, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ-র (DA) ২৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। আদালতের এই নির্দেশের ফলে ১০ লক্ষেরও বেশি বর্তমান ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হতে চলেছেন।
হিসেব অনুযায়ী, বকেয়া ডিএ-র মোট পরিমাণ ৪১,৮৭১ কোটি টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তার ২৫ শতাংশ মেটাতে রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ হবে প্রায় ১০,৪৬৮ কোটি টাকা। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, রোপা রুল (ROPA) অনুযায়ী ডিএ পাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার, এটি কোনো দয়া নয়। অবসরপ্রাপ্ত প্রায় দেড় লক্ষ কর্মচারীর পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা এবং সরকারি কর্মীরাও এই বকেয়া টাকা পাবেন।
তবে লড়াই এখনই শেষ হচ্ছে না। ২৫ শতাংশ মেটানোর পর বাকি ৭৫ শতাংশ বকেয়া কীভাবে দেওয়া হবে, তা নির্ধারণ করতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। এই কমিটি ঠিক করবে কতগুলি কিস্তিতে বাকি টাকা মেটানো সম্ভব। আপাতত রায়ের পূর্ণাঙ্গ প্রতিলিপির অপেক্ষায় রয়েছে নবান্ন ও কর্মচারী সংগঠনগুলো, যেখানে মেটানোর নির্দিষ্ট তারিখটি স্পষ্ট হবে।