এপস্টিন ফাইলসে দীপক চোপড়ার নাম! পাক অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক গুরু দীপক চোপড়ার স্বচ্ছ ভাবমূর্তি কি এবার বড়সড় সংকটের মুখে? কুখ্যাত জেফ্রি এপস্টিন কেস সংক্রান্ত প্রায় ৩ লক্ষ ফাইল জনসমক্ষে আসতেই তাতে নাম জড়িয়েছে এই ভারতীয়-মার্কিন লেখকের। এই ঘটনাকে কেন্দ্র করেই সরব হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী উশনা শাহ। তিনি দীপক চোপড়াকে সরাসরি ‘প্রতারক’ বলে তোপ দেগেছেন।

ফাঁস হওয়া নথি অনুযায়ী, ২০১৬ সাল নাগাদ জেফ্রি এপস্টিন এবং দীপক চোপড়ার মধ্যে ইমেলের মাধ্যমে যোগাযোগ হয়েছিল। একটি ইমেলে চোপড়া জনৈক মহিলার প্রসঙ্গে ‘নিষ্পাপ এবং স্মার্ট’ (Innocent and Smart) শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প সংক্রান্ত কিছু সংবেদনশীল লিঙ্কও এপস্টিন পাঠিয়েছিলেন চোপড়াকে। এই তথ্য প্রকাশ্যে আসতেই উশনা শাহ তাকে ‘Enlightened Fraud’ বা শিক্ষিত ভণ্ড বলে বিদ্রুপ করেন। উশনার দাবি, আধ্যাত্মিকতার আড়ালে লুকিয়ে থাকা আসল চেহারাগুলো এখন বেরিয়ে আসছে।

দীপক চোপড়া মূলত হলিউড তারকাদের আধ্যাত্মিক পরামর্শদাতা হিসেবে পরিচিত। তবে বিজ্ঞানীদের অনেকেই তার তত্ত্বকে কেবলই ‘দেখনদারি’ বলে মনে করেন। সম্প্রতি ভারতে তার ডিজিটাল অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়া নিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, “আমার পৃথিবী শেষ হয়ে গেল।” সেই সময়ও নেটিজেনরা তাকে ট্রোল করে প্রশ্ন তুলেছিলেন—যে গুরু মোহ-মায়া ত্যাগের কথা শেখান, তিনি একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হারিয়ে এত ভেঙে পড়লেন কেন? এপস্টিন ফাইলে নাম আসায় এখন তাঁর সেই ‘শান্তির দর্শন’ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়েছে।