অজিত পাওয়ারের শেষ কথা ফাঁস! বিমান দুর্ঘটনার ঠিক আগেই ফোনে কী বার্তা দিয়েছিলেন এনসিপি প্রধান?

মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। কিন্তু তাঁর সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে দানা বাঁধতে থাকা রহস্যের মাঝেই এবার বড় পদক্ষেপ নিল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP)। মৃত্যুর ঠিক আগে অজিত পাওয়ার ফোনে শেষবার কী কথা বলেছিলেন, সেই অডিও ক্লিপ প্রকাশ করল দল। গত ২৮ জানুয়ারি বারামতী বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছিল তাঁর বিমানটি। সেই ধ্বংসলীলার ঠিক আগেই দলীয় কর্মী শ্রীজিত পাওয়ারের সঙ্গে শেষ কথা হয়েছিল মহারাষ্ট্রের প্রিয় ‘দাদা’র।
প্রকাশ্যে আসা ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, অজিত পাওয়ার এক গভীর মানবিক ও রাজনৈতিক ঐক্যের বার্তা দিচ্ছেন। শ্রীজিত পাওয়ার জানিয়েছেন, তিনি দাদাকে একটি মেসেজ পাঠিয়েছিলেন এবং নেটওয়ার্কের মধ্যে এলে ফোন করতে বলেছিলেন। অজিত পাওয়ার ফোন করে তাঁকে বলেন, “সব ধর্ম ও জাতিকে একসঙ্গে নিয়ে চলতে হবে।” এনসিপি-র দাবি, দলের আদর্শ এবং অজিত পাওয়ারের শেষ চিন্তাধারা জনগণের কাছে পৌঁছে দিতেই এই অডিও প্রকাশ করা হয়েছে। শ্রীজিতের কথায়, “অজিত দাদা শেষ নিঃশ্বাস পর্যন্ত কী ভাবতেন, তা মহারাষ্ট্রের জানা উচিত।”
উল্লেখ্য, ১৯৯১ সালে বারামতী থেকেই অজিত পাওয়ারের সংসদীয় রাজনীতির জয়যাত্রা শুরু হয়েছিল। ৩৫ বছর পর সেই বারামতীর মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। তাঁর শেষকৃত্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস এবং কাকা শরদ পাওয়ার—সকলেই উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা এই মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেও, শরদ পাওয়ার স্পষ্ট জানিয়েছেন, “এর মধ্যে কোনো রাজনীতি নেই, এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা।” এই অডিও ক্লিপ অজিত পাওয়ারের সমর্থকদের আবেগপ্রবণ করে তুলেছে।