কাউন্টডাউন শুরু? ট্রাম্পকে খামেইনির চূড়ান্ত হুঁশিয়ারি— ‘একটা ভুল পা ফেললেই জ্বলবে গোটা মধ্যপ্রাচ্য!’

মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির পাল্টায় এবার চরম হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনি। সরাসরি ওয়াশিংটনকে লক্ষ্য করে তিনি স্পষ্ট জানিয়েছেন, আমেরিকা যদি ইরানে আঘাত করার দুঃসাহস দেখায়, তবে সেই যুদ্ধ আর সীমাবদ্ধ থাকবে না; বরং তা দাবানলের মতো গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে।
রণতরী বনাম সামরিক মহড়া: উত্তজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নেতৃত্বে এক বিশাল নৌবহর আরব সাগরে মোতায়েন করেছেন ট্রাম্প। একে ভেনেজুয়েলায় পাঠানো নৌবহরের চেয়েও শক্তিশালী বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে, ইরানও দমে যাওয়ার পাত্র নয়। বিশ্বের এক-পঞ্চমাংশ তেল বাণিজ্যের পথ হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দিলে ফল ভালো হবে না।
অভ্যন্তরীণ বিদ্রোহ ও দমনের রক্তক্ষয়ী অধ্যায়: বাইরের চাপের পাশাপাশি ঘরের ভেতরেও কোণঠাসা খামেইনি প্রশাসন। মূল্যবৃদ্ধি নিয়ে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলন এখন এক প্রকার ‘অভ্যুত্থান’-এর রূপ নিয়েছে। খামেইনি এই বিক্ষোভকে আমেরিকা ও ইজরায়েলের মদতপুষ্ট ‘দাঙ্গা’ বলে অভিহিত করেছেন। সরকারি রিপোর্ট অনুযায়ী, এই সংঘাতে ৩,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যদিও প্রশাসনের দাবি, নিহতদের বড় অংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে সব মিলিয়ে ট্রাম্পের পরমাণু অস্ত্র বন্ধের আল্টিমেটাম এবং ইরানের পাল্টা যুদ্ধের হুমকি বিশ্ব অর্থনীতিকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।