মাফিয়া রাজ! নদী খুঁড়ে তৈরি ৩টি গোপন সুড়ঙ্গ, বাইকার্স গ্যাংয়ের মাধ্যমে পাচার হচ্ছে লাখ লাখ টাকার কয়লা

ছত্তিশগড়ের সুরগুজা জেলার লখনপুর থানা এলাকা এখন কয়লা মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। স্থানীয় নেতা ও অসাধু আধিকারিকদের মদতে প্রকাশ্য দিবালোকে নদী তীরবর্তী এলাকায় জেসিবি মেশিন লাগিয়ে গভীর সুড়ঙ্গ খুঁড়ে চলছে কয়লা লুট। গুমাগরা খালকাছাড় এলাকায় অন্তত তিনটি অবৈধ সুড়ঙ্গের হদিশ মিলেছে, যেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার খনিজ সম্পদ পাচার হয়ে যাচ্ছে।

তদন্তে জানা গেছে, মাফিয়ারা জেসিবি দিয়ে মাটি খুঁড়ে কয়লা বের করার পর একটি বিশেষ ‘বাইকার্স গ্যাং’ ব্যবহার করছে। এই গ্যাংয়ের কাজ হলো দ্রুতগতিতে মোটরসাইকেলে করে সেই চোরাই কয়লা পার্শ্ববর্তী গুমাগরা কলা, জমদই এবং নেওয়ারদান্ডের বিভিন্ন ইঁটভাটায় পৌঁছে দেওয়া। অভিযোগ, গত দুই বছর ধরে এই কালো কারবার চললেও প্রশাসন কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে। যদিও মহকুমা শাসক (SDM) বন সিং নেতাম জানিয়েছেন, খনিজ, রাজস্ব ও পুলিশ বিভাগের একটি যৌথ দল গঠন করে দ্রুত অভিযান চালানো হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন ধরে প্রশাসনের নাকের ডগায় কীভাবে এই বিশাল পাচারচক্র অবাধে কাজ চালিয়ে যাচ্ছিল?