বেলুচিস্তান নিয়ে পাক অভিযোগ তুড়ি মেরে ওড়াল ভারত! ‘নিজেদের ব্যর্থতা ঢাকতেই দিল্লির ওপর দোষারোপ’, কড়া জবাব বিদেশ মন্ত্রকের

বেলুচিস্তানে সাম্প্রতিক ধারাবাহিক জঙ্গি হামলার পেছনে ভারতের হাত রয়েছে— ইসলামাবাদের এমন চাঞ্চল্যকর ও ভিত্তিহীন দাবি সজোরে প্রত্যাখ্যান করল নয়াদিল্লি। রবিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাফ জানিয়ে দিয়েছেন, নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে চরম ব্যর্থ পাকিস্তান। আর সেই ব্যর্থতা থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই তারা বরাবরের মতো ভারতকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করছে। জয়সোয়াল এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছেন।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র মনে করিয়ে দেন, বেলুচিস্তানের বর্তমান অস্থিরতা পাকিস্তানের দীর্ঘদিনের দমন-পীড়ন, বর্বরতা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ফল। ভারতের ওপর দোষ চাপানোর আগে পাকিস্তানের উচিত বেলুচিস্তানের সাধারণ মানুষের দীর্ঘদিনের ন্যায়সঙ্গত দাবিগুলোর দিকে নজর দেওয়া। তথ্য বলছে, ২০২৬ সালের শুরু থেকেই বেলুচিস্তানে নাশকতার মাত্রা রেকর্ড ছুঁয়েছে। গত কয়েক দিনের সেনা অভিযানে ১৩৩ জন জঙ্গি নিকেত হলেও ১৮ জন সাধারণ নাগরিক ও ১৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে। সিআরএসএস (CRSS)-এর রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় পাকিস্তানে সহিংসতার হার প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে, নিজেদের তৈরি করা সংকটের সমাধান পাকিস্তানকে নিজেদেরই খুঁজে বের করতে হবে, প্রতিবেশীর ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না।