ভোটের আগেই মাস্টারস্ট্রোক! নির্বাচন কমিশনের জন্য থলি উপুড় করলেন নির্মলা, বরাদ্দ বাড়ল ২৫%!

২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে বড় চমক দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সামনেই পশ্চিমবঙ্গসহ দেশের ৬টি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই নির্বাচন কমিশনের জন্য বাজেটে বরাদ্দের পরিমাণ প্রায় ২৬ শতাংশ বৃদ্ধি করল কেন্দ্র। ২০২৫-২৬ অর্থবর্ষে যেখানে কমিশনের জন্য বরাদ্দ ছিল ৩০৪.৯৮ কোটি টাকা, ২০২৬-২৭ অর্থবর্ষে তা বাড়িয়ে করা হয়েছে ৩৮২.২২ কোটি টাকা।
ভোটের প্রস্তুতিতে বিপুল খরচ: কমিশনকে দেওয়া এই বিশাল অংকের মধ্যে ৩৬৭.৬৯ কোটি টাকাই খরচ হবে সরাসরি নির্বাচন পরিচালনা ও নির্বাচন সংক্রান্ত কাজে। বাকি টাকা ব্যয় হবে প্রশাসনিক ও অন্যান্য প্রয়োজনে। রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরালা এবং পুদুচেরির আসন্ন বিধানসভা নির্বাচনের পাশাপাশি ২০২৭-এর উত্তর প্রদেশ ও পাঞ্জাবের ভোটের প্রস্তুতি এখন থেকেই সেরে রাখতে চাইছে কমিশন।
আইন মন্ত্রকের ঝুলিতেও বড় অংক: নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় আইন মন্ত্রকের জন্যও বড় অর্থ বরাদ্দ করা হয়েছে। ভোটার আইডি কার্ড বা EPIC তৈরির জন্য দেওয়া হয়েছে ২৫০ কোটি টাকা। এছাড়াও, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বকেয়া খরচ মেটাতে অতিরিক্ত ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। বর্তমানে দেশে ভোটারের সংখ্যা প্রায় ৯৯ কোটি হলেও, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কারণে এই তালিকা কিছুটা ছোট হতে পারে। তবে বিরোধী দলগুলি কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও, কেন্দ্রীয় সরকার এই বরাদ্দ বৃদ্ধিকে গণতন্ত্রের পরিকাঠামো শক্তিশালী করার পদক্ষেপ হিসেবেই দেখছে।