বাজেটে পড়ুয়াদের জন্য লটারি! প্রতি জেলায় মহিলা হোস্টেল ও ৫টি নতুন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা

২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে দেশের ‘যুব শক্তি’র ওপর সবথেকে বেশি ভরসা রাখল মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সরাসরি যোগসূত্র স্থাপনের জন্য একগুচ্ছ যুগান্তকারী প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, শিক্ষা এখন আর কেবল ডিগ্রি পাওয়ার মাধ্যম নয়, বরং এটি হবে সরাসরি উপার্জনের হাতিয়ার।
এই বাজেটের সবথেকে বড় চমক হলো উচ্চশিক্ষার বিস্তার। দেশে একযোগে ৫টি নতুন বিশ্ববিদ্যালয়, ৩টি নতুন ফার্মা শিক্ষা প্রতিষ্ঠান এবং ৩টি নতুন আয়ুর্বেদ কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, নারীশিক্ষায় উৎসাহ দিতে দেশের প্রতিটি জেলায় একটি করে মহিলা হোস্টেল তৈরি করা হবে। ছোট শহরের পড়ুয়াদের কথা মাথায় রেখে চালু হচ্ছে ‘কর্পোরেট মিত্র যোজনা’, যার মাধ্যমে টায়ার-২ এবং টায়ার-৩ শহরের কলেজগুলি সরাসরি বড় শিল্পসংস্থার সঙ্গে যুক্ত হতে পারবে। এর ফলে স্থানীয় স্তরেই ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ বাড়বে।
ভবিষ্যতের ডিজিটাল দুনিয়ার জন্য পড়ুয়াদের তৈরি করতে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন ‘ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ২.০’। এছাড়াও, আইআইটি বোম্বের (IIT Bombay) সহায়তায় দেশের ১৫,০০০ স্কুল এবং ৫০০টি কলেজে AVGC/ABGC কনটেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপন করা হবে। এর ফলে গেমিং, অ্যানিমেশন এবং ভিজ্যুয়াল এফেক্টস-এর মতো সৃজনশীল পেশায় ভারতীয়রা বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারবে। স্বাস্থ্য শিক্ষাতেও জোর দিয়ে আগামী ৫ বছরে ১.৫ লক্ষ ‘কেয়ার গিভার’ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।