বাজেটে বুলেট ট্রেনের ধামাকা! দিল্লি থেকে শিলিগুড়ি—৭টি রুটে হাই-স্পিড রেলের মেগা ঘোষণা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ তাঁর নবম বাজেট পেশ করার সময় দেশের রেল পরিকাঠামোয় এক ঐতিহাসিক পরিবর্তনের ডাক দিলেন। সড়ক ও আকাশপথের সঙ্গে পাল্লা দিতে এবার ভারতের ৭টি গুরুত্বপূর্ণ রুটে হাই-স্পিড রেল করিডোর (High-Speed Rail Corridors) তৈরির ঘোষণা করেছেন তিনি। এই করিডোরগুলি তৈরি হলে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও চেন্নাইয়ের মতো মেগাসিটির পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়িও হাই-স্পিড রেল নেটওয়ার্কের আওতায় চলে আসবে।
অর্থমন্ত্রী জানিয়েছেন, এই নতুন ট্রেনগুলি ঘণ্টায় ৩২০ থেকে ৩৫০ কিলোমিটার গতিবেগে ছুটবে, যা দীর্ঘ দূরত্বের যাত্রার সময়কে এক-তৃতীয়াংশে কমিয়ে আনবে। পরিবেশবান্ধব এই প্রকল্পগুলিকে ‘গ্রোথ কানেক্টর’ বা উন্নয়নের সেতুবন্ধন হিসেবে বর্ণনা করেছেন তিনি। উল্লেখযোগ্যভাবে, তালিকায় থাকা বারাণসী-শিলিগুড়ি করিডোরটি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযোগ বৃদ্ধিতে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও উত্তরপ্রদেশের উন্নয়নে গতি আনতে দিল্লি-বারাণসী রুটটিকেও বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে।
বাজেটে ঘোষিত ৭টি হাই-স্পিড করিডোর হলো: ১. মুম্বই – পুণে ২. পুণে – হায়দরাবাদ ৩. হায়দরাবাদ – বেঙ্গালুরু ৪. হায়দরাবাদ – চেন্নাই ৫. চেন্নাই – বেঙ্গালুরু ৬. দিল্লি – বারাণসী ৭. বারাণসী – শিলিগুড়ি
এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে কেবল যাতায়াত ব্যবস্থাই উন্নত হবে না, বরং এর মাধ্যমে সংলগ্ন শহরগুলিতে শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বারাণসী ও পাটনায় জাহাজ মেরামতির ইকোসিস্টেম তৈরির পাশাপাশি এই হাই-স্পিড রেল করিডোর ভারতের লজিস্টিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে।