বাজেটে বড় ধামাকা! খাদি ও হস্তশিল্পের ভোলবদল করতে নির্মলার ‘মাস্টারপ্ল্যান’

২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে ভারতের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প ও গ্রামীণ কারিগরদের জন্য একগুচ্ছ যুগান্তকারী পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। খাদি, হস্তশিল্প এবং তাঁত শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে আজ একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। অর্থমন্ত্রীর কথায়, ভারতের গ্রাম স্বরাজকে শক্তিশালী করতেই এই বিশেষ উদ্যোগ।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ‘মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ’ নামক একটি বিশেষ প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ স্তরে খাদি ও হস্তশিল্পের প্রসার ঘটানো এবং কারিগরদের উৎপাদিত পণ্যকে সরাসরি বড় বাজারের সঙ্গে যুক্ত করা। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দাপট কমবে এবং শিল্পীদের আয় কয়েক গুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া, শ্রমিক ও বুননশিল্পীদের জন্য ‘টেক্সটাইল লেবার ইনসেনটিভ স্কিম’ চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা এই সেক্টরে কর্মসংস্থান বৃদ্ধিতে সাহায্য করবে।

প্রযুক্তি ও আধুনিকীকরণের ওপর জোর দিতে অর্থমন্ত্রী ‘ন্যাশনাল হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফটস প্রোগ্রাম’ এবং ‘সমর্থ ২.০’ লঞ্চ করার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে যুব সমাজ ও কারিগরদের আধুনিক বস্ত্রশিল্পের প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের প্রতিটি কোণে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী টেক্সটাইল ক্লাস্টারগুলির আধুনিকীকরণের জন্য ‘টেক্সটাইল এক্সটেনশন অ্যান্ড এমপ্লয়মেন্ট স্কিম’ কাজ করবে। শুধু তাই নয়, চ্যালেঞ্জ মোডে ‘মেগা টেক্সটাইল পার্ক’ তৈরির প্রস্তাব দিয়েছেন নির্মলা সীতারামন, যা ভারতকে বিশ্বের টেক্সটাইল হাবে পরিণত করবে। রেশম, পশম এবং পাটের মতো তন্তু শিল্পের জন্য আলাদা ‘জাতীয় ফাইবার পরিকল্পনা’ও এই বাজেটের অন্যতম আকর্ষণ।