জিভে জল আনা স্বাদ! মা-ঠাকুমার আমলের কচুশাক-পুঁটি মাছ, এক থালা গরম ভাত নিমেষেই শেষ!

আজকালের ব্যস্ত জীবনে রান্নাবান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার সময় পাওয়া দায়। কিন্তু স্বাদের বদল ঘটাতে সাবেকী রান্নার কোনো বিকল্প নেই। মা-ঠাকুমাদের আমলের সেই হারিয়ে যাওয়া স্বাদ ফিরিয়ে আনতে আজ আমাদের বিশেষ আয়োজন— কচুশাক-পুঁটি মাছ। খুব সামান্য উপকরণ আর অল্প সময়েই তৈরি হয়ে যায় এই অসাধারণ পদটি। যারা মাছ খেতে ভালোবাসেন, তাঁদের কাছে এটি একটি আদর্শ রেসিপি।

উপকরণ: কচুশাক (ডাঁটা সহ আধা কেজি), পুঁটি মাছ (পরিমাণমতো), সর্ষের তেল, পাঁচফোড়ন, থেঁতো করা রসুন (আধা কাপ), পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা, কাঁচালঙ্কা চেরা (১০-১২টি), শুকনো লঙ্কা (২টি), নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো এবং সাজানোর জন্য ধনেপাতা কুচি।

রান্নার সহজ পদ্ধতি: প্রথমে পুঁটি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নুন-হলুদ মাখিয়ে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো সোনালী করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে থেঁতো করা রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভাজুন। এরপর আদা বাটা, জিরে বাটা, হলুদ, নুন ও লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিন।

মশলা থেকে তেল ছাড়লে কুচি করে কাটা কচুশাক ও ডাঁটা দিয়ে দিন। সাথে দিন চেরা কাঁচালঙ্কা। সামান্য জল দিয়ে ঢাকা দিন যাতে শাক ভালোমতো সেদ্ধ হয়। শাক মজে এলে ভাজা পুঁটি মাছগুলো দিয়ে আলতো করে মিশিয়ে নিন। ২-৩ মিনিট রান্না করে জল শুকিয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যাস, তৈরি জিভে জল আনা কচুশাক-পুঁটি মাছ। গরম ভাতের সাথে এই পদের জুড়ি মেলা ভার।