মেলার আনন্দ মুহূর্তে বদলে গেল শ্মশানে! গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছিন্নভিন্ন শরীর, মৃত ১ ও আহত বহু

উৎসবের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হলো তামিলনাড়ুর কল্লাকুরিচি জেলায়। সোমবার মানালুরপেট্টাই এলাকার থেনপেন্নাই নদীর ধারে আয়োজিত ‘নদী উৎসবে’ গ্যাস বেলুন ফোলানোর হিলিয়াম সিলিন্ডার ফেটে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা মেলা প্রাঙ্গণ। এই ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৮ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

রক্তারক্তি কাণ্ড মেলা প্রাঙ্গণে: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় যখন মেলায় ভিড় উপচে পড়ছিল, ঠিক তখনই বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশে থাকা মানুষজন ছিটকে পড়েন। কারও হাত ঝলসে যায়, কেউ আবার শরীরে গভীর ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে মেলার আনন্দ চিৎকার কান্নায় ধামাচাপা পড়ে যায়। পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকার্যে নেমে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

শোকের ছায়া ও রাজনৈতিক প্রতিক্রিয়া: এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এআইএডিএমকে (AIADMK) সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে. পালানিস্বামী। তিনি সমাজমাধ্যমে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন। পালানিস্বামী লিখেছেন, “মানালুরপেটে নদী উৎসবে সিলিন্ডার ফেটে প্রাণহানির খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। আমি মৃতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।” সেই সঙ্গে রাজ্য সরকারের কাছে অবিলম্বে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহনের দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনার পর উৎসব চত্বরে শোকের ছায়া নেমে এসেছে এবং নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।

Saheli Saha
  • Saheli Saha