নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক! রাজ্য বাজেটে কি সপ্তম বেতন কমিশনের ঘোষণা? জল্পনায় তুঙ্গে নবান্ন

২০২৬-এর এপ্রিল মাসে বাংলায় বিধানসভা নির্বাচন। আর তার ঠিক আগেই ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তীকালীন বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় কোনো উপহার আসতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে নতুন বেতন কমিশন (7th Pay Commission) গঠনের ঘোষণা করতে পারে সরকার। সেই সঙ্গে বকেয়া মহার্ঘ ভাতার (DA) আরও এক কিস্তি ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

প্রত্যাশা বনাম বাস্তব: রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের আশা, ভোটের আগে মন পেতে মমতা সরকার বড় ঘোষণা করবে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অনেক কর্মী সংগঠনের দাবি, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় রয়েছেন এবং ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সেখানে বাংলার কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাত্র ১৮ শতাংশ ডিএ পাচ্ছেন। ফলে এখন সপ্তম বেতন কমিশন গঠন হলেও মূল বেতনের বিন্যাস ও ডিএ-র হিসেব অনুযায়ী কর্মীদের হাতে আসা নিট অর্থের পরিমাণ খুব একটা বাড়বে না বলেই আশঙ্কা করা হচ্ছে।

আন্দোলনের সুর: এদিকে আগামী ২৭ জানুয়ারি ‘সবাই শহিদ মিনার’ ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে বেতনের দাবিতে বড় সমাবেশের তোড়জোড় চলছে। এই সমাবেশের ঠিক পরেই পেশ হতে চলা বাজেটে সরকার ড্যামেজ কন্ট্রোল করতে কোনো বড় ঘোষণা করে কি না, এখন সেটাই দেখার।

Saheli Saha
  • Saheli Saha