“আমার চেয়ে বেশি নোবেল পাওয়ার যোগ্য আর কেউ নেই!” ভারত-পাক যুদ্ধ থামানো নিয়ে বিস্ফোরক ট্রাম্প

ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি শান্ত করার কৃতিত্ব দাবি করে ফের বিশ্ব রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে শীর্ষ তেল ও গ্যাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, তাঁর হস্তক্ষেপের কারণেই দুই প্রতিবেশী দেশের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ি সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।

ট্রাম্পের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বয়ং আমেরিকা সফরে এসে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্পের কথায়, “শাহবাজ শরিফ প্রকাশ্যে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে অন্তত ১ কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।” নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি বড়াই করতে চাই না, তবে ইতিহাসে আমার চেয়ে বেশি নোবেল পাওয়ার যোগ্য আর কেউ নেই। আমি এমন ৮টি বড় যুদ্ধ মিটিয়েছি যা দশকের পর দশক ধরে চলছিল।” তিনি আরও উল্লেখ করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যখন আকাশে যুদ্ধবিমান ধ্বংসের খেলা চলছিল, তখন তিনি পরমাণু অস্ত্রের ব্যবহার ছাড়াই দ্রুত শান্তি ফিরিয়ে আনেন।

যদিও ভারতীয় কর্মকর্তাদের দাবি সম্পূর্ণ ভিন্ন। ভারতের মতে, ২০২৫ সালের পহেলগাম হামলার জবাবে ‘অপারেশন সিন্দুর’ চালানোর পর পাকিস্তান কোণঠাসা হয়ে পড়েছিল। এরপর পাকিস্তানের ডিজিএমও ভারতের কাছে যুদ্ধবিরতির আবেদন জানালে শান্তি ফিরে আসে। তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতার দাবি ভারত বরাবরই অস্বীকার করে এসেছে।