. ঠাকুরবাড়িতে ধুন্ধুমার! অভিষেকের চলে যাওয়ার পর কেন শুদ্ধিকরণে মাতলেন মতুয়া ভক্তরা?

উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি প্রাঙ্গণ ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপি কর্মীদের এক নজিরবিহীন ‘শুদ্ধিকরণ’ অভিযানে উত্তাল হয়ে উঠল এলাকা।
এদিন অভিষেক চলে যাওয়ার পর শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিজেপি কর্মীরা বালতি ভর্তি গোবর জল এবং কামনা সাগরের পবিত্র জল নিয়ে মন্দির চত্বরে হাজির হন। যে যে পথ দিয়ে তৃণমূল সাংসদ হেঁটেছিলেন, সেই সমস্ত জায়গা গোবর জল ছিটিয়ে ধুয়ে ফেলা হয়। শান্তনু ঠাকুরের দাবি, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনে ঠাকুরবাড়ির পবিত্রতা নষ্ট হয়েছে। এই পুণ্যভূমিকে কলুষিত করা হয়েছে, তাই কামনা সাগরের জল দিয়ে আমরা মন্দির ও সংলগ্ন এলাকা শুদ্ধ করলাম।”
পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ‘মধ্যযুগীয় মানসিকতা’ ও ‘রাজনৈতিক দেউলিয়াপনা’ বলে কটাক্ষ করেছে। মতুয়া সম্প্রদায়ের আবেগ ও রাজনীতির এই দ্বন্দ্বে ঠাকুরনগরের পরিবেশ বর্তমানে যথেষ্ট উত্তপ্ত।