রক্তে ভাসল পাত্রকর কলোনি! নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ও পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ল অডি, ধৃত চালক

শুক্রবার রাতে রাজস্থানের জয়পুরের পাত্রকর কলোনি এলাকায় ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি দ্রুতগামী অডি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের দোকান ও পথচারীদের ওপর দিয়ে চলে যায়। এই মর্মান্তিক ঘটনায় অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির গতি এতটাই বেশি ছিল যে ডিভাইডারে ধাক্কা খাওয়ার পর সেটি স্টলে ধাক্কা মারে এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষদের পিষে দেয়।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পাত্রকর কলোনি থানার পুলিশ। দমন ও দিউ-এর রেজিস্ট্রেশন নম্বর থাকা ঘাতক অডি গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালককে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। আহতদের বর্তমানে এসএমএস হাসপাতাল এবং জয়পুরিয়া হাসপাতালে চিকিৎসা চলছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা যোধপুরে থাকলেও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। উপ-মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া এবং স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিনভসার হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, গাড়িতে আরও কেউ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।