পাগলের প্রলাপ? আমেরিকার কাছে নেতানিয়াহুকে ‘কিডন্যাপ’ করার আবদার পাক প্রতিরক্ষামন্ত্রীর!

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আবারও প্রমাণ করলেন কেন তাঁকে সে দেশের ‘মশকরা মন্ত্রী’ বলা হয়। নিজের বিতর্কিত এবং হঠকারী বয়ানের জন্য বারবার পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে লজ্জিত করা আসিফ এবার এমন এক কাণ্ড ঘটিয়েছেন, যা দেখে খোদ পাক সেনাপ্রধান অসীম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও হয়তো নিজের চুল ছিঁড়ছেন।
সম্প্রতি আমেরিকা ভেনেজুয়েলায় একটি সামরিক অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছে। আমেরিকার এই ‘দাদাগিরি’ দেখে উদ্বুদ্ধ হয়ে খাজা আসিফ আবদার করেছেন, আমেরিকাকে ইজরায়েলেও একই ধরণের অপারেশন চালাতে হবে! তিনি চান, আমেরিকা যেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অপহরণ করে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছে দেয়।
ইজরায়েল এবং আমেরিকার মধ্যেকার অভেদ্য সম্পর্কের কথা গোটা বিশ্ব জানে। কিন্তু খাজা আসিফ বোধহয় কোনও সমান্তরাল মহাবিশ্বে বাস করছেন। এই হাস্যকর বয়ানের পর যখন অনুষ্ঠানের সঞ্চালক বুঝতে পারেন যে আমেরিকা নিয়ে এমন কথা বলা পাকিস্তানের পক্ষে বিপদজনক হতে পারে, তখন তিনি প্রসঙ্গ ঘোরাতে চান। কিন্তু সেখানেও খাজা আসিফ নিজের বোকামি বজায় রাখেন। শেষমেশ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে এবং ডোনাল্ড ট্রাম্পের কোপে পড়ার ভয়ে তড়িঘড়ি বিজ্ঞাপন বিরতি নিতে বাধ্য হয় চ্যানেলটি। খাজা আসিফের এই বোকামি এখন নেটদুনিয়ায় ট্রোলিংয়ের হট টপিক।