বঙ্গমাতা হলের নামও বদলের পথে! ঢাবির ৫টি স্থাপনা থেকে বাদ পড়ছে শেখ হাসিনা পরিবারের নাম

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবার এক ঐতিহাসিক রদবদলের পথে হাঁটল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ ‘সিন্ডিকেট’ ক্যাম্পাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের নাম মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। বিবিস বাংলার প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থাপনার নাম পরিবর্তনের সুপারিশ করেছে সিন্ডিকেট।
সবচেয়ে বড় চমক হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নাম পরিবর্তন করে জুলাই অভ্যুত্থানের আলোচিত ছাত্রনেতা ‘শহিদ ওসমান হাদি হল’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ওসমান হাদিকে ডিসেম্বরে হাসিনা-বিরোধী আন্দোলনের সময় গুলি করা হয়েছিল এবং পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিস্থ করা হয়েছে।
পাশাপাশি, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের’ নাম বদলে ‘ক্যাপ্টেন সেতারা বেগম হল’ এবং ‘শহিদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল’-এর নামও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া রাসেল টাওয়ার ও বঙ্গবন্ধু টাওয়ারের নামও বদলে ফেলার সুপারিশ শীঘ্রই সিনেটে পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত সিনেটের হাতে থাকলেও সিন্ডিকেটের এই পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।