পাপারাৎজি নয়, নিজের ফোন নিয়েই এখন সবচেয়ে বেশি আতঙ্কে ভিকি! বাবা হয়েই কেন এই বদল?

গত ৭ নভেম্বর পুত্রসন্তান ‘বিহান কৌশল’-এর জন্মের পর থেকেই ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের জীবনে খুশির জোয়ার। কিন্তু এই খুশির সঙ্গেই ভিকির মনে বাসা বেঁধেছে এক অদ্ভুত ‘ফোবিয়া’। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, বাবা হওয়ার পর থেকেই তিনি সারাক্ষণ নিজের মোবাইল ফোনটি হারিয়ে ফেলার আতঙ্কে থাকেন।
‘জাস্ট টু ফিল্মি’-কে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেন, “আগে ফোন হারানো নিয়ে কোনো চিন্তাই ছিল না। কিন্তু এখন ফোনে আমার ছেলের অজস্র অমূল্য ছবি আর ভিডিও রয়েছে। সারাক্ষণ মনে হয়, ফোনটা হারিয়ে গেলে ওই স্মৃতিগুলোও হারিয়ে যাবে। এখন বিহানই আমার জীবনের কেন্দ্রবিন্দু।” ভিকির এই স্বীকারোক্তি বুঝিয়ে দিচ্ছে, দুঁদে অভিনেতা এখন পুরোদস্তুর একজন সচেতন এবং আবেগপ্রবণ বাবা।
২০২১ সালে রাজস্থানে রাজকীয় বিয়ের পর, ৪৩ বছর বয়সী ক্যাটরিনা ও ৩৭ বছর বয়সী ভিকির জীবনে বিহানই এখন শ্রেষ্ঠ আশীর্বাদ। ছোট্ট বিহানের হাতের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় এই দম্পতি লিখেছিলেন, “আমাদের আলোর দিশারি— বিহান কৌশল।”