জাতীয় সড়কে মরা গরু রেখে রণক্ষেত্র বারাসত! পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে পাচারকারীদের গণপিটুনি

বারাসতের নেতাজি পল্লী এলাকায় গরু চুরি ও পাচারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে নজিরবিহীন উত্তেজনা ছড়াল। ৩৪ নম্বর জাতীয় সড়কে মৃত গরু রেখে দীর্ঘক্ষণ অবরোধ চালালেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পুলিশের হাত থেকে দুই অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।
বেশ কিছুদিন ধরেই এলাকা থেকে গরু নিখোঁজ হয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামবাসীরা তল্লাশি চালাতে গিয়ে কালীবাড়ি এলাকার একটি মাঠে দুই যুবককে একটি গরুর মৃতদেহ গাড়িতে তুলতে দেখেন। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র বিষ খাইয়ে গরু মেরে সেই মাংস পাচার করছে। ধরা পড়া দুই যুবক, নাজমুল হোসেন ও নিজামুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, মাত্র ৩০০ টাকার বিনিময়ে এই কাজ করছিল তারা। এর পরেই ক্ষোভে ফেটে পড়ে জনতা।
দত্তপুকুর থানার পুলিশ অভিযুক্তদের উদ্ধার করতে গেলে বাধা দেয় গ্রামবাসীরা। পুলিশের গাড়ির সামনেই চলে বিক্ষোভ। তাঁদের দাবি, পুলিশ অভিযুক্তদের ছেড়ে দেবে, তাই নিজেরাই শাস্তির বিধান দিতে চান। মৃত গরুর দেহ রাস্তায় রেখে টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। পরে এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃত গরুটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পাণ্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।