ইডির তল্লাশিতে পুলিশের বাগড়া! কলকাতা হাইকোর্টে নজিরবিহীন হট্টগোল, এজলাস ছাড়লেন বিচারপতি

কলকাতায় ইডির তদন্তে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ব্যবসায়ী প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানোর সময় রাজ্য পুলিশ ‘অতিসক্রিয়তা’ দেখিয়ে কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দিয়েছে— এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন ইডি আধিকারিকরা।

শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই হাইভোল্টেজ মামলার শুনানি শুরু হতেই শুরু হয় নজিরবিহীন বিশৃঙ্খলা। দীর্ঘ ১৩ বছর পর আদালতে সশরীরে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভিড়ের চাপে ও আইনজীবীদের বাগবিতণ্ডায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শুনানি চালানো অসম্ভব হয়ে পড়ে।

আদালত কক্ষের অন্দরে তখন চরমে উত্তেজনা। দুপুর ২টো ২৬ মিনিট নাগাদ ভিড় দেখে বিরক্তি প্রকাশ করে বিচারপতি শুভ্রা ঘোষ সাফ জানান, “এজলাস খালি করুন, কিছু শুনতে পারছি না। নাহলে আমি উঠে যাচ্ছি।” তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সকলকে বাইরে যাওয়ার অনুরোধ জানান। শেষ পর্যন্ত বিশৃঙ্খলা চরমে পৌঁছালে বিচারপতি এজলাস ছেড়ে উঠে যেতে বাধ্য হন। ইডির এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য বনাম কেন্দ্র সংঘাত এখন আদালতের অলিন্দে চরম আকার নিয়েছে।