ল্যাব থেকে বাজার! বিনিয়োগ টানতে খড়গপুর আইআইটির মেগা কনক্লেভ, কলকাতায় চাঁদের হাট

গবেষণাগারের উদ্ভাবন এবার সরাসরি পৌঁছে যাবে বিশ্ববাজারে। ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে খড়গপুর আইআইটি-র উদ্যোগে কলকাতায় আয়োজিত হলো এক উচ্চপর্যায়ের ‘ভেঞ্চার ক্যাপিটাল কনক্লেভ’। দেশের প্রায় ৩০ জন নামী পুঁজিপতি বা ভেঞ্চার ক্যাপিটালিস্টদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি উদ্ভাবনী ভাবনাকে (Innovation-to-Investment) বাণিজ্যিক রূপ দেওয়ার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করল।
আইআইটি খড়গপুরের ডিরেক্টর এবং ডিন প্রফেসর সুমন চক্রবর্তী জানান, আইআইটি খড়গপুর এখন আর কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি দেশের সম্পদ প্রস্তুতকারক এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও প্রযুক্তিগত নেতৃত্বের কারিগর হিসেবে নিজেকে তৈরি করছে। ল্যাবরেটরি রিসার্চ থেকে কীভাবে ‘মার্কেট-রেডি সলিউশন’ তৈরি করা সম্ভব, সেই রোডম্যাপও এই কনক্লেভে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আইআইটি খড়গপুরের রিচার্স পার্কের কোলাবোরেশন মডেল, এগ্রি-বিজনেস ইনকিউবেশন ফাউন্ডেশন (ABIF) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সাইবার ফিজিক্যাল সিস্টেমের (AI4ICPS) মতো অত্যাধুনিক উদ্ভাবনী ইঞ্জিনগুলো প্রদর্শন করা হয়। এই উদ্যোগ দেখে পুঁজিপতিরাও বিনিয়োগে বিপুল আগ্রহ দেখিয়েছেন। তাঁদের মতে, খড়গপুর আইআইটি-র এই গবেষণাগারগুলো বিশ্বমানের ‘ডিপটেক এন্টারপ্রাইজ’ গড়ে তুলতে সহায়ক হবে, যা ভারতের প্রযুক্তিগত ভবিষ্যৎকে বদলে দিতে পারে।