হায়দ্রাবাদ থেকে বিমানে এল চাবি! হিমাচলে ই-বাসের ট্রায়ালে এ কেমন চরম গাফিলতি?

হিমাচল প্রদেশের সোলানে ই-বাস পরিষেবার ট্রায়াল শুরু হওয়া নিয়ে এক অদ্ভুত এবং হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (HRTC) নতুন রুটে ই-বাস চালানোর জন্য প্রস্তুতি নিলেও, কর্তৃপক্ষের চরম অপেশাদারিত্বে পুরো প্রক্রিয়াটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা গিয়েছে, হায়দ্রাবাদ থেকে একটি ই-বাস ট্রলিতে লোড করে সোলানে পাঠানো হলেও, বাসের চাবিটি সাথে পাঠাতে ভুলে যান সংশ্লিষ্ট কর্মীরা।
সোমবার সন্ধ্যায় বাসটি সোলানে পৌঁছানোর পর মঙ্গলবার সকালে যখন সেটি খালাস করার প্রস্তুতি নেওয়া হয়, তখনই শুরু হয় বিপত্তি। বাসের চাবি খুঁজে না পেয়ে হন্যে হয়ে ওঠেন আধিকারিকরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত হায়দ্রাবাদ থেকে বিমানে করে চাবি চণ্ডীগড়ে পাঠানো হয়। সেখান থেকে সড়কপথে সন্ধ্যায় সোলানে চাবি পৌঁছানোর পর তবেই ট্রলি থেকে বাসটি নামানো সম্ভব হয়। এই দীর্ঘ সময় নিরাপত্তার খাতিরে এবং বাসের ক্ষতি এড়াতে ট্রলিটি একটি নিরাপদ স্থানে পার্ক করে রাখা হয়েছিল বলে সাফাই দিয়েছেন আধিকারিকরা।
অবশেষে চাবি আসার পর শুরু হয়েছে ট্রায়াল রান। প্রথম দিনে সোলান থেকে মামলিগ হয়ে আরকি রুটে বাসটি চালানো হয়েছে। সম্পূর্ণ চার্জ দেওয়ার পর বাসের পিকআপ, ব্রেক এবং চার্জিং সিস্টেম পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেছেন এইচআরটিসি-র কারিগরি দল। আগামী দিনে হিমাচলের পাহাড়ি অঞ্চলের বিভিন্ন দুর্গম রুটে এই বাসের ট্রায়াল চলবে। এই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই সরকার ভবিষ্যতে নতুন ই-বাস কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে ট্রায়ালের শুরুতেই চাবি হারিয়ে বিমানে করে তা আনা নেওয়ার এই ঘটনা রাজ্য প্রশাসনের কর্মপদ্ধতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।