‘আইন নয়, আমার মনই শেষ কথা!’ নিউ ইয়র্ক টাইমসের সাক্ষাৎকারে বিশ্বকে কাঁপিয়ে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক আইন বা বিশ্বজাগতিক নিয়ম নয়, ডোনাল্ড ট্রাম্প চলেন নিজের মর্জিতে। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁকে আটকানোর ক্ষমতা কোনো আন্তর্জাতিক আইনের নেই। ট্রাম্পের কথায়, “হ্যাঁ, একটা জিনিস আমাকে থামাতে পারে, সেটা হলো আমার নিজের নৈতিকতা আর আমার মন। আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই।” ট্রাম্পের এই মন্তব্যে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

চীন-তাইওয়ান ইস্যুতেও ট্রাম্প ছিলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণাত্মক। তিনি দাবি করেন, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন শি জিনপিং তাইওয়ানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার সাহস করবেন না। ট্রাম্প বলেন, “আমি জিনপিংকে জানিয়েছি তিনি এমনটা করলে আমি খুব অসুখী হব। অন্য কোনো প্রেসিডেন্ট এলে তিনি হয়তো তাইওয়ান দখল করতে পারেন, কিন্তু আমি থাকাকালীন তা হবে না।”

অন্যদিকে, গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে ট্রাম্পের মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। ‘মালিকানা’র ওপর জোর দিয়ে তিনি জানান, লিজ বা চুক্তির চেয়ে নিজের অধীনে কোনো অঞ্চল থাকা মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি শক্তিশালী। ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ন্যাটোর জন্য খরচ না বাড়ালে যুক্তরাষ্ট্র কঠোর হতে বাধ্য হবে। ট্রাম্পের দাবি, তিনি না থাকলে রাশিয়া এতদিনে পুরো ইউক্রেন দখল করে নিত। একই সুরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইউরোপীয় নেতাদের সতর্ক করেছেন গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পকে গুরুত্ব দেওয়ার জন্য।