মালদায় অভিষেকের হাইভোল্টেজ সভা! ৫ হাজার পরিযায়ী শ্রমিকের সঙ্গে সারবেন মধ্যাহ্নভোজন

নির্বাচনী দামামা বাজার আগেই উত্তরবঙ্গে কোমর বেঁধে ময়দানে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মালদার জলঙ্গায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে এক মেগা সভা করতে চলেছেন তিনি। তৃণমূল সূত্রের খবর, মালদা ও দুই দিনাজপুর থেকে প্রায় ৫ হাজার পরিযায়ী শ্রমিক এই সভায় যোগ দেবেন। সভার বিশেষ আকর্ষণ হল, এই শ্রমিকদের সঙ্গেই আজ দুপুরের খাবার সারবেন অভিষেক।

এবারের নির্বাচনে পরিযায়ী শ্রমিক ইস্যুকে তুরুপের তাস করতে চাইছে ঘাসফুল শিবির। বিশেষ করে বিজেপি ও কংগ্রেস শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের ওপর চলা কথিত হেনস্থা ও ‘বাংলা ভাষা’ বললেই জেলে পাঠানোর অভিযোগকে হাতিয়ার করা হচ্ছে। সম্প্রতি মহারাষ্ট্রের জেল থেকে আইনি লড়াইয়ে মুক্ত হওয়া শ্রমিকদের পরিবারের সঙ্গেও দেখা করেছেন অভিষেক। মালদার সভায় আজ সেইসব নিগৃহীত শ্রমিকদের মঞ্চে রেখে সরাসরি প্রশ্নোত্তর পর্ব চালাবেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, সংখ্যালঘু অধ্যুষিত মালদা ও মুর্শিদাবাদে নিজেদের জমি শক্ত করতে মরিয়া তৃণমূল। বিশেষ করে মৌসম নুরের দলত্যাগ এবং মিম ও এসএফআই-এর সক্রিয়তা তৃণমূলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে অভিষেকের এই সভা এবং শ্রমিকদের সঙ্গে জনসংযোগ কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। যুব তৃণমূলের মালদা জেলা সভাপতি প্রসেনজিৎ দাস জানিয়েছেন, শ্রমিকদের সমস্যা শুনে বড় কোনো বার্তার দিতে পারেন তাঁদের ‘সেনাপতি’।