বাথরুমের জানলা দিয়ে ঢুকে লুঠ হিরে-সোনার সেফ! বলি-অভিনেতার বাড়িতে চুরির কিনারা করল মুম্বই পুলিশ

বলিউড ও দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা অভিমন্যু সিংয়ের (Abhimanyu Singh) বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করল মুম্বই পুলিশ। অন্ধেরি ওয়েস্টের লোখান্ডওয়ালায় অভিনেতার বাংলো থেকে চুরি যাওয়া প্রায় ১ কোটি ৩৭ লক্ষ টাকার গয়না ও নগদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৪০ বছর বয়সি মনোজ মোহন রাঠোর নামে এক ব্যক্তিকে পালঘর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তে জানা গিয়েছে, গত ২৯ ও ৩০ ডিসেম্বরের মাঝরাতে বাথরুমের জানলা দিয়ে বাংলোতে প্রবেশ করে অভিযুক্ত। ঘরের ভেতরে থাকা আলমারি বা ড্রয়ার নয়, সরাসরি মূল্যবান হিরে, সোনা ও রুপোর গয়না-সহ গোটা সেফটিই তুলে নিয়ে চম্পট দেয় সে। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন অভিনেতার ৮২ বছর বয়সি মা, তিনিই থানায় অভিযোগ দায়ের করেন। ডিজিটাল তথ্য ও লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে টানা দু’দিন নজরদারি চালিয়ে মঙ্গলবার অভিযুক্তকে পাকড়াও করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত মনোজের বিরুদ্ধে আগে থেকেই ১৪টি চুরির মামলা রয়েছে। জেরায় সে স্বীকার করেছে যে চুরির কিছু অংশ সে এক স্বর্ণকারকে বিক্রি করেছিল এবং বাকিটা নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল। ‘গুলাল’, ‘রাম-লীলা’ বা ‘সূর্যবংশী’ খ্যাত অভিনেতা অভিমন্যু সিংয়ের পরিবার এই ঘটনায় সাময়িক স্বস্তি পেলেও, ভিভিআইপি এলাকায় এমন চুরিতে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে।