এবার অন্তরীক্ষ থেকে নজরদারি! গঙ্গাসাগর মেলায় ইসরো-র (ISRO) বিশেষ প্রযুক্তি, কড়া পাহারায় সাগরতট

গঙ্গাসাগর মেলা ২০২৬-এ ভিড় নিয়ন্ত্রণে এবার মহাকাশ বিজ্ঞানের সাহায্য নিচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। আসন্ন মেলায় যাত্রী সুরক্ষা এবং ভিড় পর্যবেক্ষণের জন্য ইসরো (ISRO) উদ্ভাবিত ‘নাভিক’ (NavIC) প্রযুক্তি ব্যবহার করা হবে। সাতটি কৃত্রিম উপগ্রহের এই নক্ষত্রমণ্ডল মেলা প্রাঙ্গণের রিয়েল-টাইম তথ্য ও নির্ভুল অবস্থান জানাবে, যা ভিড় সামলাতে পুলিশ ও প্রশাসনকে বিশেষভাবে সাহায্য করবে।
নিরাপত্তা ও পরিবহণেও এবার থাকছে এলাহি আয়োজন। মেলা চত্বর ১২০০-র বেশি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। প্রথমবারের মতো ব্যবহার করা হবে ‘থার্মাল ইমেজিং ড্রোন’, যা অন্ধকারের মধ্যেও মানুষের গতিবিধি বুঝতে সক্ষম। তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য প্রস্তুত ২১টি জেটি, ১০০টি লঞ্চ, ৪৫টি ভেসেল এবং ১৩টি বার্জ। এ ছাড়াও বাবুঘাট থেকে সাগর পর্যন্ত ১৬টি বাফার জোন ও ২৫০০টি বাসের ব্যবস্থা করা হয়েছে।
ভিড় সামলাতে ৫৪ কিলোমিটার এলাকায় ব্যারিকেড তৈরি করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১০ হাজার সিভিক ভলেন্টিয়ার এবং উদ্ধারকাজে সহায়তায় থাকছে ১৫টি এনজিও। স্বাস্থ্যসেবা ও স্যানিটেশনের জন্য অত্যাধুনিক পরিকাঠামো তৈরি রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তি আর নিখুঁত পরিকল্পনার মিশেলে এবারের গঙ্গাসাগর মেলা তীর্থযাত্রীদের জন্য আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হতে চলেছে।